বিএনপির সমানতালে জামায়াত-শিবিরের উপস্থিতি
নয়াপল্টনে চার দলের মহাসমাবেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের উপস্থিতি ছিল বিএনপি-ছাত্রদলের প্রায় সমানতালে। সমাবেশে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক গোলাম আযমসহ জামায়াতের নেতাদের প্রতিকৃতি প্রদর্শনের বাহুল্য ছিল বিএনপির জন্য বিব্রতকর পর্যায়ের।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটায় প্রথম দফা জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে সমাবেশস্থলে আসেন। তখন তাঁদের হাতে কোনো ব্যানার, ফ্যাস্টুন ছিল না। হাতে ডিজিটাল ব্যানার, মাথায় কাগজের টুপি, যুদ্ধাপরাধের অভিযোগে আটক দলের ছয় নেতার পৃথক প্রতিকৃতি নিয়ে বেলা ১১টার দিকে দ্বিতীয় দফায় জামায়াতের বড়সড় একটি দল আসে।দলটির মহানগর শাখার একজন নেতা প্রথম আলোকে বলেন, নির্দেশনা ছিল স্লোগান বা দলীয় চিহ্ন বহন না করে পল্টন ও মতিঝিল থানার নেতা-কর্মীরা ঢাকার বাইরে থেকে আসা কর্মীদের নিয়ে এসে মঞ্চের ডানে, বাঁয়ে ও সামনে অবস্থান নেবেন। সে অনুযায়ী সকালেই তাঁরা অবস্থান নেন।ফকিরাপুল থেকে কাকরাইল মোড় ও বিজয়নগর পর্যন্ত সড়ক বিভাজনীতে জামায়াত-শিবিরের অসংখ্য ব্যানার দেখা যায়। এসব ব্যানারে যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তির দাবি জানানো হয়। জামায়াত-শিবিরের একাধিক ভ্রাম্যমাণ দল ছিল, যারা সারাক্ষণ জামায়াতের নেতাদের প্রতিকৃতি নিয়ে ঘোরাঘুরি করে। এ ছাড়া দলটির কর্মীরা বিজয়নগর-পুরানা পল্টন এলাকায় কয়েক দফা মিছিল করে।বিএনপির মধ্যম সারির একজন নেতা বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের চেয়ে জামায়াতের নেতাদের প্রতিকৃতি ছিল বেশি। এটা ছিল বিএনপির জন্য বিব্রতকর হওয়ার মতো।’ তবে মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচার বা এ অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক কারও মুুক্তির বিষয়ে কোনো বক্তব্য দেননি। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকেও কোনো অনুরোধ বা চাপাচাপি ছিল না বলে দলের একটি সূত্র জানিয়েছে।জানতে চাইলে মহাসমাবেশে জামায়াতের পক্ষ থেকে অন্যতম সমন্বয়ক ও দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়া কোনো দলীয় কথা বলেননি, জাতীয় বক্তব্য দিয়েছেন; সরকার পতনের কথা বলেছেন। সরকারের পতন হলে সবার দলীয়-ব্যক্তিগত সব সমস্যার সমাধান হবে।’মহাসমাবেশের মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের (জাসাস) পাশাপাশি ছাত্রশিবিরের সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করেন।এ ছাড়া মঞ্চে ঘোষণায় ছিলেন জামায়াতের দুজন নেতা, আর বক্তৃতা করেছেন চারজন। মঞ্চে উপস্থিত ছিলেন দলটির আরও দুই কেন্দ্রীয় নেতা। জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহান যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার থাকা নিজ দলের ছয় নেতা এবং বিএনপির সাকা চৌধুরী ও আবদুল আলীমের মুক্তি দাবি করেন। তিনি বলেন, সরকার অন্যায়ভাবে তাঁদের আটকে রেখে প্রহসনের বিচার করছে।আর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দাবি করেন, ‘সরকারের অন্যায়-অপকর্মের প্রতিবাদ করার অপরাধেই গোলাম আযম, নিজামী, সাঈদী, মুজাহিদসহ অন্য নেতাদের আটক রাখা হয়েছে।’