বিএনপির সমাবেশ রিট আবেদনে বিভক্ত আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দলের মহাসমাবেশে কর্মী-সমর্থকদের আসতে বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিভক্ত আদেশ দেন।এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠাবেন।এর আগে ১২ মার্চের বিএনপির মহাসমাবেশে কর্মীদের আসতে বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস রিট আবেদনটি করেন। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত রিটের ওপর শুনানি হয়। পরে আদালত বিভক্ত আদেশ দেন।রিট আবেদনে সমাবেশে আসতে বাধা ও গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে সমাবেশে অংশ নিতে বাধা না দেওয়া ও অবৈধভাবে আটক ব্যক্তিদের মুক্তির নির্দেশনাও চাওয়া হয়।রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিবাদী করা হয়। আবেদনে সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৩, ৩৬, ৩৭, ৩৮, ৩৯ ও ৪৩ অনুচ্ছেদ বাস্তবায়নের আরজি জানানো হয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী রুহুল কুদ্দুস ও মির্জা আল মামুন। শুনানিতে গত কয়েক দিনের সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে বলা হয়, বেআইনিভাবে অনেককে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। এটা মৌলিক অধিকারের পরিপন্থী। মৌলিক অধিকারের রক্ষক হিসেবে আদালত বিষয়টি বিবেচনা করতে পারেন।