বিএনপির সমাবেশে নিজেদের মারামারি পুলিশের লাঠিপেটা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ছবি তুললে প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক সাইফুল ইসলামকে মারধর করা হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে।গতকাল রোববার বিকেলে সেখানে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ চলছিল। মঞ্চের সামনে বসা নিয়ে বিএনপির ওই দুটি অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে দুপুরে কথা-কাটাকাটি হয়। বিকেলে সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানান, রেওয়াজ অনুযায়ী সব সময় মঞ্চের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা বসেন। এরপর পর্যায়ক্রমে যুবদল ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা বসেন। কিন্তু গতকাল ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা ছাত্রদলের নেতা-কর্মীরা এসে দেখেন মঞ্চের সামনের জায়গায় বসা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। বিষয়টি ছাত্রদলের নেতারা দলের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীকে জানান। তিনি সমাবেশ শেষ হওয়ার পর বিষয়টি দেখবেন বলে ছাত্রদলের নেতাদের আশ্বস্ত করেন।জানা গেছে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সমাবেশ শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলীর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। তখন সেখানে শহীদ উদ্দীন চৌধুরী স্বেচ্ছাসেবক দলের নেতাকে বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরাই তো সাধারণত সামনে বসেন। এই দুই নেতা যখন কথা বলছিলেন, তখন দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁরা ব্যানার বহনকারী বাঁশ ও লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা করেন। এতে মীর সরাফত আলীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ লাঠিপেটাসহ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।তিন দিনের কর্মসূচি: বিভিন্ন দাবিতে বিএনপি তিন দিনের কর্মসূচি দিয়েছে। এর মধ্যে গাজীপুরে যুবদলের দুই নেতা হত্যার প্রতিবাদে ১২ মে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ, ১৮ মে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা ও মহানগরে এবং ২৪ মে আরাফাত রহমান কোকো ও বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে থেকে ৯ জুন পর্যন্ত সারা দেশে কর্মসূচি পালনের কথাও জানানো হয়।মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির এটাই ছিল প্রথম কর্মসূচি। এতে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি। স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বেশির ভাগ নেতাও ছিলেন অনুপস্থিত। স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাস এবং দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ সমাবেশে উপস্থিত ছিলেন।একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, মাদারীপুরের কালকিনি, রাজশাহী, খুলনার ডুমুরিয়া, মৌলভীবাজার, ফরিদপুর, সিরাজগঞ্জ, নীলফামারী ও কিশোরগঞ্জে কর্মসূচি পালন করা হয়েছে বলে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন।নির্বাহী কমিটির এক সদস্যকে বহিষ্কার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।