বিএনপির সমাবেশে লোক আনতে সরকার বাধা দেয়নি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১২ মার্চ বিএনপির সমাবেশে লোক আনতে সরকার বাধা দেয়নি। ওই দিন জনগণের কষ্ট হয়েছে। জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সরকার সেদিন নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। আজ বৃহস্পতিবার গণভবনে খুলনা জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেছেন। শেখ হাসিনা বলেন, ১২ মার্চ ১৮ ডিসেম্বরের মতো বোমাবাজি হলে কী করতেন? তখন জনগণ অভিযোগ করত যে সরকার ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী দাবি করেন, ১৮ ডিসেম্বরের অভিজ্ঞতার আলোকে ওই দিন কেবল নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।সমুদ্রসীমায় বাংলাদেশের জয় প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে আলোচনা করেন। কিন্তু ’৭৫ সালের পর যারা ক্ষমতায় এসেছে তারা কেউ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, সরকার গঠন করেই আওয়ামী লীগ প্রথম এ ব্যাপারে পদক্ষেপ নেয়। এ জন্য যথেষ্ট কাজ করতে হয়েছে। আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি।প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগরে মত্স্য, জলজ ও খনিজ সম্পদের অধিকার আমাদের বড় অর্জন। এবার আমরা সরকারে না এলে, সময় মতো দাবি পেশ না করলে এটা হাতছাড়া হয়ে যেত।’মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আশরাফুল ইসলাম, মহীউদ্দীন খান আলমগীর, মাহাবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।