বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনে বিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির নয়টি অঙ্গ ও দুটি সহযোগী সংগঠন আছে। এসব সংগঠনের কর্মকাণ্ড নিয়ে মূল দলের শীর্ষ পর্যায়ে রয়েছে অসন্তোষ। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাত, পদ-পদবির লড়াইয়ে ব্যস্ত থাকেন সংগঠনের নেতারা।বিএনপির কয়েকজন নীতিনির্ধারক জানান, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিষয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী কমিটির বৈঠকে কয়েকবার ক্ষোভ প্রকাশ করেন। তিনি কয়েকটি সংগঠনের কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠনেরও কথা বলেন।বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী অঙ্গসংগঠনগুলো হলো: জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, মহিলা দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, ওলামা দল ও মৎস্যজীবী দল। সহযোগী সংগঠন দুটি জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দল।১১টি সংগঠনের মধ্যে ২০১০ সালে মুক্তিযোদ্ধা দল, যুবদল, মহিলা দল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি হয়েছে। বাকি ছয়টির কমিটিই মেয়াদোত্তীর্ণ। এসব কমিটির সদস্যদের বড় অংশ রাজনীতিতে নিষ্ক্রিয়, ব্যস্ত থাকেন ব্যবসা-বাণিজ্য নিয়ে।এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়মিত সম্মেলন হলে সংগঠনগুলোতে গতি আসে। সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। বেশির ভাগ সংগঠনের কমিটি হয়েছে। পরে যেন কমিটিগুলো নিয়মিত হয়, সেদিকে নজর দেওয়া হবে। তিনি জানান, কেন্দ্রীয়ভাবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রতি কঠোর নজর রাখা হচ্ছে।বিএনপির গঠনতন্ত্রে বলা হয়েছে, অঙ্গসংগঠনগুলোর গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও পতাকা চেয়ারপারসনের অনুমোদনে হতে হবে। তবে কর্মসূচি প্রণয়ন করবে সংগঠনগুলোই। সহযোগী সংগঠনগুলোর ক্ষেত্রে বলা হয়েছে, তারা নিজ নিজ গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে।বিএনপির নেতারা জানান, অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আছেন, এমন অনেক নেতাই আবার মূল দলের কেন্দ্রীয় কমিটিতে আছেন। ফলে মূল দলে প্রভাব বিস্তারের চেষ্টার কারণে তাঁরা নিজ সংগঠনে সময় দিতে পারেন কম। তা ছাড়া অনেক ক্ষেত্রে জেলা-উপজেলায় মূল দলের কর্মকাণ্ডে এঁরা সরাসরি হস্তক্ষেপ করেন।গঠনতন্ত্র ছাড়াই চলছে ছাত্রদল: ছাত্রদলকে শক্তিশালী সংগঠন মনে করেন বিএনপির নেতারা। কিন্তু প্রতিষ্ঠার ৩২ বছরেও সংগঠনটি একটি গঠনতন্ত্র পর্যন্ত করতে পারেনি। ছাত্রদলের সাবেক এক নেতা জানান, গঠনতন্ত্র করতে না পারার কারণ হলো ছাত্রদলের নেতাদের বয়স। যাঁরা সভাপতি বা সাধারণ সম্পাদক হতে চান, তাঁদের বয়স ৩৫ থেকে ৪২। বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক দুজনই চল্লিশোর্ধ্ব।তা ছাড়া বর্তমান কমিটির মেয়াদও শেষ হয়েছে এক বছর আগে।২০০৯ সালের ১ জুলাই সুলতান সালাউদ্দিনকে সভাপতি ও আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ছয় মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি করা হয়। এই কমিটিকে একটি নতুন কমিটি করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তা না করে ২০১০ সালের ১ জানুয়ারি ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তারা।আমিরুল ইসলাম দাবি করেন, বর্তমান কমিটিই দুই বছর মেয়াদে থাকবে।জানা গেছে, ৭৮টি সাংগঠনিক জেলা কমিটির মধ্যে ৬০টিতে কমিটি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিও হয়নি। দলটির দ্বন্দ্ব-সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারেননি।আমিরুল ইসলামের দাবি, এই কমিটি ৮৭টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ৭৫টি ইউনিটে আহ্বায়ক ও পূর্ণাঙ্গ কমিটি করেছে। তিনি বলেন, দ্বন্দ্ব, সংঘাত ও কোন্দল দূর করতে কমিটি কাজ করছে। পুরোপুরি কমানো না গেলেও তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন পক্ষে থাকায় ছাত্রদলের বর্তমান কমিটি শক্ত অবস্থানে আছে। অপর পক্ষে ছিলেন প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন ও কারাবন্দী সালাউদ্দিন কাদের চৌধুরী।যুবদলের বিরুদ্ধে অভিযোগ: বিএনপির ডাকা কয়েকটি হরতাল কর্মসূচিতে যুবদলের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল না বললেই চলে। এ নিয়ে খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করলে কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে বর্তমান কমিটি টিকে যায়।গত বছর মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও সাইফুল আলমকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি করা হয়। এতে ২১১ জন সদস্য আছেন। বর্তমান কমিটি রাজপথে আন্দোলনে তেমন একটা না থাকলেও বিএনপির বিভিন্ন ইস্যুতে মুক্তাঙ্গনে নিয়মিত সভা-সমাবেশ করছে।যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম জানান, বর্তমান কমিটি ৭৭টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ৪০টিতে কমিটি করেছে। তবে সম্মেলনের মাধ্যমে মাত্র আটটির পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ দুই বছর। তবে এর আগের কমিটি প্রায় সাত বছর দায়িত্বে ছিল।বিগত কমিটির ১৪০ জন নেতাকে বর্তমান কমিটিতে রাখা হয়নি। এ নিয়ে কয়েকবার সংঘর্ষও হয়েছে। যুবদলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে অযোগ্য ও অর্থের বিনিময়ে কমিটিতে জায়গা করে দেওয়ার অভিযোগও প্রকাশ্যে তুলছেন তাঁরা। এই অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শান্ত করেন এবং কমিটি পুনর্গঠনেরও আশ্বাস দেন।সাইফুল আলম বলেন, যাঁরা নিজেদের ত্যাগী বলছেন, তাঁরাই একসময় যুবদল না করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। এর আগে এমন দেখা গেছে, কোনো কোনো সাংগঠনিক ইউনিট কমিটি ১৫ থেকে ১৯ বছর পর্যন্ত দায়িত্ব পালন করছে। এখন আর সেই অবস্থা নেই। আর অর্থ নিয়ে পদ দেওয়ার অভিযোগ শোনা যায়, তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।শ্রমিক দল: বিএনপির এই সহযোগী সংগঠনটির সর্বশেষ কমিটি হয় ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সভাপতি ও কেন্দ্রীয় নেতা জাফরুল হাসান সাধারণ সম্পাদক হন। এই কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগে, কিন্তু কমিটি আর হয়নি। জানা গেছে, ২ মে শ্রমিক দলের ষষ্ঠ কাউন্সিল হবে।বর্তমান সভাপতি নজরুল ইসলাম খান আর শ্রমিক দলের সঙ্গে না-ও থাকতে পারেন বলে জানা গেছে। সংগঠনটির ৬৮টি জেলা ও ২২টি শিল্পাঞ্চল কমিটি আছে। এর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ। তবে খুলনা ও চট্টগ্রামে বেশ কিছু ইউনিটে সম্প্রতি কমিটি হয়েছে। এ ছাড়া ১৪৮টি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন এর সদস্য।জাফরুল হাসান বলেন, নানা কারণে সময়মতো সম্মেলন করা যায়নি। তবে শ্রমিক দলের সাংগঠনিক অবস্থা ভালো।মহিলা দল: পূর্ণাঙ্গ কমিটি হয়েছে গত বছর। নূরে আরা সাফাকে সভাপতি ও শিরিন সুলতানাকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পর এতে স্থান না পাওয়া এবং গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় নেত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তবে এ সমস্যা এখন আর নেই বলে নেত্রীরা জানান। হরতালের মতো রাজপথের কর্মসূচিতেও মহিলা দল প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছে।নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দেশব্যাপী কমিটি গঠনের ব্যাপারে কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সফর করেছেন। ইতিমধ্যে কয়েকটি জেলায় কমিটি গঠিত হয়েছে।অন্যান্য সংগঠন: অন্যান্য সংগঠনের মধ্যে সাবেক ছাত্রদল নেতা হাবিব-উন-নবী খানকে সভাপতি ও মীর সরাফত আলীকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি আছে। কৃষক দলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে দুই বছর আগে। বর্তমান কমিটির সভাপতির মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাধারণ সম্পাদক শামসুজ্জামান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যান্য সংগঠনের মধ্যে জাসাস ও মুক্তিযোদ্ধা দল বিভিন্ন দিবসে কর্মসূচি পালন করে। তাঁতী দল, ওলামা দল, মৎস্যজীবী দলের কর্মকাণ্ড খুব একটা চোখে পড়ে না।