বিএনপির সহযোগী সংগঠনের আট নেতার জামিন
রাজধানীর খিলগাঁও থানায় করা একটি মামলায় বিএনপির অঙ্গ সংগঠনের আট নেতার ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। জামিন মঞ্জুর হওয়া আটজন হলেন—যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল মতিন, শ্রমিক দলের নেতা বাদল হোসেন ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ।আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ ও রফিকুল ইসলাম মিয়া শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।পরে আইনজীবী রফিকুল ইসলাম মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, আদালত আটজনের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাঁদের কারামুক্তিতে বাধা নেই। আইনজীবী সগীর হোসেন জানান, খিলগাঁও থানায় করা ওই মামলার এফআইআরএ এসব নেতাদের নাম ছিল না। বিচারিক আদালতে ২৮ জুন তাঁদের জামিন আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে জামিনের জন্য তাঁদের পক্ষে হাইকোর্টে আজ ফৌজদারি বিবিধ আবেদন করা হয়। জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও চালক নিহতের ঘটনায় গত ২১ এপ্রিল খিলগাঁও থানায় মামলাটি করা হয়।