সংসদে দাঁড়িয়ে হাত ছুড়ে আপত্তিকর আচরণ এবং বারবার রুলিং সত্ত্বেও আসনে না বসার কারণে বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরী ওরফে অ্যানিকে সর্তক করে দিয়েছেন স্পিকার আবদুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশনে আজ মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বের শেষে এ ঘটনা ঘটে। বিরোধী দলের কয়েকজন সাংসদ সন্ধ্যা সাতটা থেকে বিশৃঙ্খল আচরণ শুরু করেন এবং তা প্রায় ১৫ মিনিট ধরে চলে।একপর্যায়ে স্পিকার অ্যানিকে সর্তক করে দিয়ে বলেন, ‘মিস্টার অ্যানি, আপনার আচরণ আমি সঠিকভাবে নিতে পারছি না। স্পিকার যখন কথা বলেন, তখন হাউসের সবাই চুপ করে শোনেন। এভাবে সংসদে আচরণ করা শোভন নয়।’বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরী, আশরাফউদ্দিন নিজান, নিলুফার চৌধুরী, শাম্মী আক্তার, রাশেদা বেগম ও সৈয়দা আশিফা আশরাফী প্রশ্নোত্তর পর্বের শেষপর্যায়ে হইচই শুরু করেন। তাঁরা স্পিকারকে উদ্দেশ করে উচ্চস্বরে কথা বলেন। মাইক ছাড়াই চিত্কার করে আক্রমণাত্মক বক্তব্য দিতে থাকেন। বিএনপির সাংসদেরা স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। স্পিকারের অনুরোধ সত্ত্বেও অ্যানি না বসায় সরকারদলীয় সাংসদেরা চিত্কার করে প্রতিবাদ করলে বিএনপির এই সাংসদ সরকারদলীয় সাংসদদের উদ্দেশে আঙুল তুলে বলেন, ‘ওই চুপ।’এর আগে প্রশ্নোত্তর পর্বের একেবারে শেষপর্যায়ে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপি জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে আদমজী ও কাওমী পাটকল বন্ধ করে দেয়।’মন্ত্রীর এই বক্তব্যের সময় বিরোধীদলীয় সাংসদেরা হইচই শুরু করেন। এ সময় লতিফ সিদ্দিকী স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় স্পিকার, ওঁরা সবাই চিত্কার করলেও আমার চেয়ে ওঁদের গলার স্বর উঁচু না।’এর পরই মন্ত্রী কোনো দল বা ব্যক্তির নাম না নিয়ে বলেন, ‘আদমজী বন্ধ করেছে ওরা। এই ওরা কারা। যারা পরাজিত শক্তির দোসর। যারা বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগী। ওরা খুনির বংশধর।’এর পরই বিএনপিসহ বিরোধীদলীয় প্রায় সব সাংসদই আসনে দাঁড়িয়ে চিত্কার করতে শুরু করে দেন। এ সময় স্পিকার বিরোধীদলীয় প্রধান হুইপকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এর পরও বিএনপির সাংসদেরা না বসে হাত ছুড়ে স্পিকারকে লক্ষ্য করে চিত্কার করতে থাকেন।এ সময় জয়নাল আবদিনের মাইক চালু থাকলেও তাঁর দলের সাংসদদের চিত্কারের জন্য কথা বলতে পারছিলেন না। জয়নাল আবদিনকে উদ্দেশ করে স্পিকার বলেন, ‘আপনার সদস্যরা এখনো এভাবে কথা বলছেন কেন। ওনাদের থামতে বলেন। আমি তো বিরোধী দলের প্রধান হুইপকে কথা বলতে দিয়েছি।’জয়নাল আবদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকীর বক্তব্যের কোনো জবাব না দিয়ে সংসদকে জানান, তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। বিরোধী দলের কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করে প্রতিবাদ সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া তাঁকে দিগম্বর করতে যুবলীগের এক নেতা নির্দেশও দিয়েছেন।বিরোধী দলের প্রধান হুইপ বলেন, ‘আমরা প্রোটেকশন চাই। কার্যকর সংসদ চাই। বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করতে দিতে হবে।’এরপর স্পিকার বলেন, ‘আমি চাই, এ সংসদ প্রাণবন্ত হোক। আপনারা সংসদীয় ভাষায়, রুচিশীল ও রুচিসম্মতভাবে কথা বলবেন, এটাই প্রত্যাশা করি। সরকারি ও বিরোধী দল সকলের ক্ষেত্রে এই কথা বলছি।’তিনি এ সময় বিরোধী দলের সামনের সারিতে বসা সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের সময়কার তথ্য তুলে ধরে বলেন, ‘আমি বিরোধী দলের সবাইকে কথা বলার সময় দিচ্ছি। আমি মনে করি, বিরোধী দলকে পার্লামেন্টে বেশি করে প্রশ্ন করার সুযোগ দেওয়া উচিত। তার পরও স্পিকারের বিরুদ্ধে কথা বলতে দিই না—এমন অভিযোগ আনা দুঃখজনক।’স্পিকার বলেন, ‘এটা আমার দুর্ভাগ্য। সবাইকে কথা বলতে দেওয়ার পরও এ ধরনের অভিযোগ আনা খুবই দুঃখজনক। আমার ওপর তা চরম অবিচার হবে।’সংসদের অধিবেশন আগামী সোমবার তিনটা পর্যন্ত মুলতবি থাকবে।