সংসদ অধিবেশনে আর যোগ দেবে না বিএনপি। দলের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনাও করেছেন। তা ছাড়া সংসদ থেকে পদত্যাগের কথাও ভাবা হচ্ছে। এ জন্য দলীয় সাংসদদের পদত্যাগপত্রে সই নিয়ে রাখা হচ্ছে। দলের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্রমতে, সরকারবিরোধী সর্বাত্মক আন্দোলন সফল করতে দলের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। গত রবি ও সোমবার গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে আপাতত ৩০ নভেম্বর হরতালসহ অন্যান্য কর্মসূচি সফল করার প্রস্তুতি নিয়েছে দলটি।জানা গেছে, সংসদ অধিবেশনে আর যোগ না দেওয়ার বিষয়টি খালেদা জিয়া নিজেই স্থায়ী কমিটির সদস্যদের সামনে উত্থাপন করেন। এ ব্যাপারে তাঁর কঠোর মনোভাবও স্পষ্ট করেন। তা ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন মহলের সঙ্গেও তিনি তাঁর এ অবস্থানের কথা জানিয়েছেন। বিরোধী দলের ওপর সরকারের বর্তমান আচরণের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার এই সিদ্ধান্তকে তাঁরা সমর্থন দিয়েছেন বলে কয়েকজন নেতা জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সরকার আর বিরোধী দলের সহযোগিতা চায় না। বিএনপিও মনে করে, একতরফাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে রাখার আর কোনো কারণ নেই। সংসদ বর্জনের মতো কঠোর অবস্থান বিএনপিকে নিতে হতে পারে, এটা বিএনপির জন্যই দুঃখজনক। কিন্তু অন্য কোনো করণীয় নেই। তিনি বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে দেশি-বিদেশি মহলও একমত পোষণ করেছে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলীয় সদস্যদের আপাতত পদত্যাগপত্রে সই নিয়ে রাখা হচ্ছে। এরই মধ্যে কয়েকজন সাংসদ পদত্যাগপত্রে সই দিয়েছেন। অন্যদের সই করার জন্য বলা হয়েছে। সূত্রগুলো জানায়, সংসদ থেকে পদত্যাগের ব্যাপারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বেশি সক্রিয়। এ জন্য তিনি দলীয় চেয়ারপারসনের সঙ্গে কথাও বলেছেন। পদত্যাগপত্র সংগ্রহ করে রাখছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। চূড়ান্ত সিদ্ধান্ত হলে যাতে বলামাত্র সব সদস্য একযোগে পদত্যাগ করতে পারেন, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।কয়েকজন সাংসদ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পদত্যাগপত্রে সই করার জন্য বলা হয়েছে। তবে এ নিয়ে খুব বেশি তাড়াহুড়ো নেই বলে মনে হয়েছে। চিফ হুইপ শুধু ফোনে বলেছেন।’ এক সাংসদ বলেন, ‘এই অধিবেশনে যোগ দেওয়াটা অনিশ্চিত। তবে সই নিলেও এখনই তা জমা দেওয়া হবে বলে মনে হয়নি। যতটা জানি, এ ব্যাপারে দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’সালাউদ্দিন কাদের চৌধুরী দলীয় সদস্যদের পদত্যাগপত্রে সই নিয়ে রাখার বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেন। তিনি বলেন, ‘পদত্যাগ করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যতটা জানি, সাংসদেরা পদত্যাগপত্রে সই করে রেখেছেন।’ তিনি সই করেছেন কি না, জানতে চাইলে বলেন, ‘এ ধরনের শিক্ষা তো আমরা আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছি। ১৯৯৫ সালের ওই সময় তো আমিও আওয়ামী লীগের সঙ্গে পদত্যাগপত্রে সই করেছিলাম। এবারও দলের কাছে এটা রাখা হয়েছে।’বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, সংসদের আসন্ন অধিবেশনে বিএনপির যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত ছিল। বিএনপিকে সংসদে ফেরানোর ব্যাপারে তিন দেশের রাষ্ট্রদূতেরা বিশেষ ভূমিকা রেখেছিলেন। কিন্তু ১৩ নভেম্বর খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পর সবকিছু পাল্টে যায়। খালেদা জিয়া এখন সংসদে যাওয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন।বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, ২৯ নভেম্বর পর্যন্ত অপেক্ষা না করে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি দেশবাসীর পাশাপাশি বিদেশি দূতাবাসগুলোও ভালোভাবে নেয়নি। বিদেশি কয়েকটি পত্রিকা খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদের সমালোচনা করেছে। সব মিলিয়ে বিএনপি মনে করছে, সরকারবিরোধী যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে এখনই সঠিক সময়।