বিএনপির সাংসদের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিরোধী দল বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশার বাড়ির সামনের কাচারিঘর থেকে পুলিশ বিপুল পরিমাণ ভারী অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় সন্দ্বীপ থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ একটি কাটা-রাইফেল, নয়টি রকেট লঞ্চার, একটি বন্দুক, ১১টি গুলিভর্তি একটি বন্দুক, একটি গুলির ব্যবহূত খোসা, একটি চাপাতি ও দুটি কিরিচ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, অভিযান চালানোর সময় এসব অস্ত্র রেখে ৮-১০ জন কাচারিঘর থেকে পালিয়ে যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পালিয়ে যাওয়া লোকজন সাংসদের অনুগত বলে জানতে পেরেছি।সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘পুলিশকে দেখে অস্ত্র ও গোলাবারুদ ফেলে আসামিরা পালিয়ে যায়। যারা পালিয়েছে, তাদের চিনতে পেরেছি। তাদের বিরুদ্ধে মামলা করেছি।’