বিএনপির সাংসদেরা সংসদে যেতে চান, রাজি নন খালেদা
সংসদ অধিবেশনে যোগ দেওয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটি ও সংসদীয় দলের বেশির ভাগ সদস্য। তাঁরা দলীয় প্রধানের কাছে মতামতও জানিয়েছেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ভার চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর দেওয়ায় সদস্যদের মতামত গুরুত্ব পায়নি। ফলে অধিবেশনে যোগ না দেওয়ার আগের সিদ্ধান্ত বহাল থাকল।বিএনপির নেতারা জানান, সংসদে যাওয়ার ক্ষেত্রে এত দিন যেভাবে দফায় দফায় দাবি বা শর্ত বাড়ানো হয়েছে, সেই অবস্থা থেকে বিএনপি সরে এসেছে। এখন শুধু সংসদের ভেতরের পরিবেশ সৃষ্টির ওপরই বিএনপি বেশি জোর দিচ্ছে।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া সংসদে যাওয়ার ব্যাপারে কিছুটা উদাসীন। আর বিরোধী দলে থাকলে তো যেতেই চান না। ওই নেতা বলেন, ‘এ জন্য তাঁকে দোষ দেওয়া যায় না। তাঁকে আমরা বোঝানোরও চেষ্টা করি না।’বিএনপির নেতারা জানান, ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৪ জনই সাংসদ নন। এ জন্য বিভিন্ন সময়ে দেখা গেছে, স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির সংসদে যাওয়ার ব্যাপারে তৎপর থাকেন না। কিন্তু সদস্যদের বেশির ভাগ এবার সংসদে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির সাংসদেরা অধিবেশনে যেতে যান। স্থায়ী কমিটির অনেক সদস্যই চান, বিএনপি সংসদে যাক। তবে স্থায়ী কমিটি সংসদে যাওয়া না-যাওয়ার ভার চেয়ারপারসনের ওপর ন্যস্ত করেছেন। তিনিই সিদ্ধান্ত নিয়েছে। স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘চেয়ারপারসনকে সংসদে যাওয়ার জন্য বলেছি। তবে দলীয় সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগত সিদ্ধান্তের পার্থক্য থাকতে পারে।’চলতি অধিবেশনে বিএনপির সংসদে যোগ দেওয়া প্রসঙ্গে দলের সাংসদদের নিয়ে কোনো বৈঠক করেননি সংসদীয় দলের প্রধান খালেদা জিয়া। যাঁরা সংসদে যেতে চান, তাঁদের মতামত না নেওয়ায় কোনো কোনো সাংসদ প্রথম আলোর কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘নানাভাবে আমাদের মত নেওয়া হয়েছে। তবে সংসদীয় দলের বৈঠক হলে আমরা চেয়ারপারসনের সঙ্গে আলোচনার সুযোগ পেতাম।’ খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে স্থায়ী কমিটি যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে, এটাই স্বাভাবিক। সেই সিদ্ধান্তকে সম্মান করি। তবে সংসদীয় দলের বৈঠক হলে ভালো হতো।’সাংসদ জয়নাল আবেদিন বলেন, সংসদীয় দলের কোনো বৈঠক হয়নি। তার পরও নানাভাবে মতামত জানতে চাওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদে তো যেতেই চাই। দলকেও এটা বলেছি। দলীয় স্বার্থে তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ভালোর জন্যই নিয়েছেন।’ সাংসদ রেহানা আক্তার বলেন, ‘সাংসদ হিসেবে সংসদে যেতে চাই। তবে দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। এখানে ব্যক্তির মতামত বড় নয়।’ শর্ত এখন একটি: সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে বিএনপির শর্ত কমেছে। প্রথমে দলটি আটটি শর্ত জুড়ে দেয়। সম্প্রতি বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক ১০টি শর্ত তুলে ধরেন। কিন্তু বিএনপি এত সব শর্ত থেকে সরে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদেরা সংসদের ভেতরে সরকারদলীয় মন্ত্রী-সাংসদদের আচরণের পরিবর্তনের কথা বলছেন। বিএনপি সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে সংসদে যাওয়া না-যাওয়ার ব্যাপারে আট বা ১০ দফা দাবির কথা ওঠেনি। আলোচনা হয়েছে শুধু সংসদের সুষ্ঠু পরিবেশ নিয়ে। সূত্র জানায়, খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্যদের বলেছেন, সংসদে গেলে তাঁর পরিবার ও দলীয় সদস্যদের সম্পর্কে মিথ্যা তথ্য ও গালাগাল করা হয়। এটা বিটিভির মাধ্যমে দেশবাসী দেখছে। অথচ বিরোধী দল এর উত্তর দিতে গেলে বা খণ্ডন করতে গেলে সেটা আর টেলিভিশনে দেখানো হয় না।খালেদা জিয়ার এমন বক্তব্যের পর স্থায়ী কমিটির সদস্যরা সংসদে যাওয়া না-যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ভার চেয়ারপারসনের ওপর ছেড়ে দেন।স্থায়ী কমিটির সদস্য সাংসদ এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই সংসদে সরকারি দল বিরোধী দলকে সহ্য করুক। অযথা মিথ্যা তথ্য ও গালাগাল না করুক। বিএনপি তো যেতেই চায়। কিন্তু এমন আচরণ করলে যাবে কীভাবে।’