বিএনপির সাত শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ হরতালের প্রথম দিনে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে বিএনপির সাত শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আহত হয়েছে শতাধিক।আজ রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লাহ, মাহবুবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হরতালে পুলিশ দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। এভাবে নির্যাতন চালালে বিএনপি লাগাতার হরতাল দেবে। তিনি বলেন, প্রয়োজনে তিন দিন বা সাত দিন লাগাতার হরতাল দেওয়া হবে।বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে সকালে মিছিল বের করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তি চলে। পুলিশ বিএনপির কার্যালয় ঘিরে রাখে।এসবের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশকে দেখে মনে হচ্ছে, তারা বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। এভাবে অবরুদ্ধ করে হরতাল দমন করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।