বিএনপির একার পক্ষে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় করার সামর্থ্য নিয়ে সংশয় আছে খোদ চারদলীয় ঐক্যজোটের শরিকদের মধ্যেই।বিএনপির নেতৃত্বাধীন এই জোটের শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে এই সংশয়ের কথা জানা গেছে। মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলার আগে বা পরে জোটের শরিকদের সঙ্গে আলোচনাও করেনি বিএনপি। এ নিয়ে শরিক দলগুলোর অনেকেই মনঃকষ্টের কথাও জানিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য প্রথম আলোকে বলেন, মধ্যবর্তী নির্বাচন আদায় করতে জোটগত প্রস্তুতি তো নেই-ই, এমনকি বিএনপি দলীয় প্রস্তুতিও সে পর্যায়ে নিতে পারেনি।মধ্যবর্তী নির্বাচনের দাবিকে যৌক্তিক মনে করলেও বিএনপির আচরণে বিরক্তি প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। তিনি প্রথম আলোকে বলেন, ‘তারা তো (বিএনপি) এ ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলেনি। তারা যদি নিজে নিজে আন্দোলন করে, তাহলে আমরাও নিশ্চয়ই তাদের জন্য বসে থাকব না।’শরিকদের সঙ্গে আলোচনা না করার কথা স্বীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমরা জোটের শরিকদের সঙ্গে বসিনি, যখন দরকার পড়বে তখন ডাকব। তবে এটাও নির্ভর করবে পরিস্থিতির ওপর।’অবশ্য জোটের আরেক শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান গত রোববার বলেন, খালেদা জিয়া দেশে ফিরলেই তাঁরা চার দলের আনুষ্ঠানিক বৈঠকে বসবেন।জানতে চাইলে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম জানান, এককভাবে কোনো দল সরকারকে কোনো দাবি মানাতে বাধ্য করার নজির এ দেশে নেই। তবে সব বিরোধী দলই মনে করে, এ সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে, জনগণের দুর্ভোগ ততই বাড়বে।মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় করার মতো একক সামর্থ্য বিএনপির আছে কি না, এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘শেখ সাহেব যখন ছয় দফার আন্দোলন শুরু করেন, তখন তাঁর পাশে দাঁড়ানোর লোকও ছিল না। আমরা মাত্র দাবিটা তুলেছি। এটা অর্জনের জন্য যে ধরনের রাজনৈতিক কর্মসূচি প্রয়োজন, ভবিষ্যতে সে ধরনের কর্মসূচিতে যাব।’ চার দলের শরিক ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের যেসব উপাদান প্রয়োজন, এর সবগুলোই এখন বিদ্যমান আছে।’বর্তমান সরকার দেশ পরিচালনায় প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ বলে দাবি করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি; বিশেষ করে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শেয়ারবাজার কেলেঙ্কারি, সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ এবং তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিলের চেষ্টা দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এসব কারণে ‘ব্যর্থ’ সংসদ ভেঙে দিয়ে দলটি মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছে। বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ ডিসেম্বর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলেন। যুক্তরাজ্য সফরে গিয়ে তিনি আবারও এ দাবি জানান।সংশয় মহাজোটেরও: এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলের নেতারা মনে করেন, মধ্যবর্তী নির্বাচন দাবি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আর এ দাবি মানতে সরকারকে বাধ্য করার মতো সামর্থ্যও বিএনপির নেই।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘তারা তো (বিএনপি) এখন পর্যন্ত কোনো আন্দোলনই করতে পারেনি। গণ-অভ্যুত্থানের মতো কোনো ঘটনাও ঘটেনি। এর পরও মধ্যবর্তী নির্বাচন দাবি আমার কাছে মনে হচ্ছে মামার বাড়ির আবদার।’এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘এ দেশে অতীতে কখনো মধ্যবর্তী নির্বাচন হয়নি। এ ছাড়া যে দাবির পেছনে জনগণ নেই, সে দাবি ব্যর্থ হতে বাধ্য।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে ‘মধ্যবর্তী রসিকতা’ বলে মন্তব্য করেছেন।এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়াও আছে বিএনপিসহ চার দলের শরিকদের মধ্যে। আবদুল লতিফ নেজামী বলেন, ‘প্রথম প্রথম রসিকতাই মনে হবে। এরশাদের সময় বলা হয়েছিল, ক্ষমতা কি জিরো পয়েন্টে ছাড়ব? তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় “শিশু আর পাগল” ছাড়া কেউ নিরপেক্ষ নয় মন্তব্য করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছিল?’