বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সংসদ যাওয়া নিয়ে আলোচনা
আগামী ৩ জুন সংসদের অধিবেশনে যেতে পারে প্রধান বিরোধী দল বিএনপি। এ ব্যাপারে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। আজ রাত সোয়া নয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে তা মুলতবি করা হয়।বৈঠক সূত্রে জানা যায়, আগামী দিনে ঢাকার বাইরে কিছু কর্মসূচি দেবে বিএনপি। সেগুলোতে খালেদা জিয়া উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া নির্দলীয় সরকারের দাবিতে নতুন কর্মসূচি দেওয়া হবে। তবে এ ব্যাপারে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক সূত্র জানায়, প্রয়োজনে স্থায়ী কমিটির বৈঠক আরও কয়েক বার হবে। আজকের বৈঠকে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামের মতো বিভিন্ন সংগঠন ও বিষয়ে আলোচনা হয়। বৈঠক থেকে জানা যায়, আগামীকাল রোববার সকাল ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথসভা হবে। ওই সভা থেকে ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাত্ বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আসম হান্নান শাহ, আর এ গণি, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সরোয়ারি রহমান, আব্দুল মঈন খান প্রমুখ।