বিএনপির হরতাল রাজনৈতিক দেউলিয়াপনা: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা আজকের হরতালকে অনৈতিক ও রাজনৈতিক দেউলিয়াপনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সৈয়দ আশরাফ বলেন, হরতালে বিএনপির নেতা-কর্মীরা সক্রিয় ছিলেন না। জাতীয় নেতাদের উপস্থিতিও ছিল নগণ্য। অতীতের হরতালে বিএনপির নেতা-কর্মীরা শত ভাগ উপস্থিত থাকলেও আজকের হরতালে এক ভাগও উপস্থিত ছিলেন না। তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছিলাম, বিএনপির নীতিনির্ধারকেরা হরতাল ডাকতে চাননি। জামায়াত ঘরানার বিএনপিপন্থী একজন পত্রিকা-সম্পাদকের পীড়াপীড়িতে খালেদা জিয়া একক সিদ্ধান্তে হরতাল ডেকেছেন। আমি তথ্য যাচাই-বাছাই করে এ কথা বলেছিলাম। যদি আমার এ কথা মিথ্যা হতো, তাহলে বিএনপির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হতো। কিন্তু তারা প্রতিবাদ করেনি।’বিগত চারদলীয় জোটসহ সব সরকারই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, ‘সরকারের একার ওপর এ দাম বাড়ানো নির্ভর করে না। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবেই দেশে দাম বেড়েছে। পৃথিবীর অন্যান্য দেশ, এমনকি ভারত-পাকিস্তানের চেয়ে আমাদের দেশে জ্বালানি তেলের দাম কম। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকার নয়বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার তিনবার তেলের দাম বাড়িয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণ বিএনপি ভালোভাবেই জানে।’সৈয়দ আশরাফ বলেন, ‘এ হরতাল খালেদা জিয়া ও জামায়াতের। বিরোধী দলের এই হরতাল পালনের উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টি করা। আমরা এ বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিকভাবে এ বিচারে কোনো বাধা নেই।’জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হরতাল পালন করে বিএনপিসহ চারদলীয় জোট।