বিএনপির হরতালে জামায়াতের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী হরতালে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি দাবি করেছে, সরকার দুর্নীতি করার জন্য নতুন বিমানবন্দর করতে চাইছে।আজ শনিবার বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দলের এ কথা জানান। সমাবেশটি মুক্তাঙ্গনে করার ঘোষণা দিয়েও জামায়াত সেখানে যায়নি।বিষয়টির উল্লেখ আজহার করে বলেন, ‘সিটি করপোরেশনের অনুমতি পাওয়ার পরও পুলিশ আমাদের মুক্তাঙ্গনে সমাবেশ করতে দেয়নি। এভাবে আমাদের প্রোগ্রাম করতে না দিয়ে কত দিন থাকতে পারবেন আমরা দেখব। সময় আসবে যখন জনগণ আপনাদের আর অনুমতি নেবে না।’বিএনপি আহুত হরতালের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিএনপি আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী যে হরতালের ডাক দিয়েছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সে হরতালের পূর্ণ সমর্থন জানাচ্ছি।’নতুন বিমানবন্দরের সঙ্গে দুর্নীতি জড়িত উল্লেখ করে আজহার বলেন, ‘মুখ ফসকে প্রধানমন্ত্রী নিজেই এ তথ্য ফাঁস করে দিয়েছেন। বলেছেন, খালেদা জিয়া পার্সেন্টেজ পাবেন না বলেই এর বিরোধিতা করছেন। তাহলে বোঝা যায়, প্রধানমন্ত্রী থাকলে পার্সেন্টেজ পাওয়া যায়। বাংলাদেশের জনগণ আপনাকে এই দুর্নীতি করতে দেবে না।’সভাপতির বক্তব্যে হামিদুর রহমান আযাদ দলের সেক্রেটারি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘আপনি অনুমতি দিন, রাজধানীর জনগণ প্রস্তুত আছে। মুক্তাঙ্গনকে পেটুয়াবাহিনী মুক্ত করে আমরা সমাবেশ করব।’কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মশিউল আলম বলেন, ‘জনগণ খেতে পায় না, করবে নতুন বিমানবন্দর। জনগণ সে শখ পূরণ হতে দেয়নি। মাঘেই বিলে (আড়িয়ল বিল) নৌকা ডুবিয়েছে, সামনের শ্রাবণে আর কিছু করতে হবে না।’কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উলাহ, মাওলানা এ টি এম মাছুম, নুরুল ইসলাম বুলবুল, মাওলানা আবদুল হালিম, রেদওয়ান উল্লাহ শাহেদী বক্তব্য দেন।