বিএনপির ৩৮ নেতাসহ আসামি তিন-চার হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সয়দাবাদ রেলগেটের কাছে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩৮ নেতা ও অজ্ঞাতনামা তিন-চার হাজার ব্যক্তিকে আসামি করে ছয়টি মামলা করা হয়েছে। গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রেললাইনের ধারে সমাবেশ করার জন্য বিএনপি বা অন্য কারও পক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়নি। তবে বিএনপি বলছে, তারা অনুমতি নিয়েছে।বঙ্গবন্ধু থানা ও জিআরপি থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর সোমবার রাতেই এ দুটি থানায় মোট ছয়টি মামলা হয়েছে। এ ছাড়া র‌্যাব ও ফায়ার সার্ভিস বঙ্গবন্ধু থানায় আলাদা দুটি মামলা করেছে। জিআরপি থানায় ট্রেনের গার্ড ও টিজি পুলিশ পৃথকভাবে দুটি মামলা করে। প্রতিটি মামলায় দুই থেকে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের মামলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রেলের মামলায় জানমালের ক্ষতিসাধন ও সরকারি সম্পত্তি ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।বিএনপির জেলা সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী মামলা হওয়ার বিষয়ে বলেন, ‘আমিসহ বিএনপির ৩৮ জন নেতার বিরুদ্ধে নাম উল্লেখ করে মামলা হয়েছে। বাকি তিন-চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিও যে শুধু বিএনপির নেতা-কর্মী হবেন, তাতে কোনো সন্দেহ নেই।’পুলিশ সূত্র জানায়, আসামির তালিকার শুরুতেই ছিল জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদের নাম। পরে অজ্ঞাত কারণে এ নামটি বাদ দেওয়া হয়।গতকাল পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপির বিভিন্ন শাখার নেতা-কর্মী বলে স্থানীয় বিএনপি দাবি করেছে। গতকাল বিএনপি এ ঘটনায় শোক পালন করেছে। কালো পতাকা ও কালো ব্যাজও ধারণ করেন অনেকে।আওয়ামী লীগের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি উদ্দেশ্যমূলকভাবে এ সমাবেশ করেছে। এর আগে তারা জেহাদ দিবস নিয়ে কিছু করেনি। তা ছাড়া জেহাদ যখন মারা যান, তখন ইকবাল হাসান মাহমুদ ছিলেন এরশাদের দলীয় লোক।অনুমতি পাওয়া না-পাওয়া নিয়ে বক্তব্য: জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বিএনপির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলীর লেখা চিঠিতে বলা হয়েছে, ‘শহীদ জেহাদ দিবস উপলক্ষে ১১ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে সয়দাবাদ রেলগেট মাঠে স্মরণসভা করা হবে। বিরোধীদলীয় নেত্রী সমাবেশে প্রধান অতিথি থাকবেন। সভার সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চিঠি পাওয়ার পর সমাবেশে বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে বলেছি। সেখানে অনুমোদন চাওয়ার কথা বলা হয়নি।’ তিনি বলেন, ‘যেহেতু ওই জায়গাটি সেতু বিভাগের, তাই আমি নিজ উদ্যোগে যোগাযোগসচিবের কাছে চিঠি পাঠিয়েছি। সেখান থেকে মনিরুজ্জামান নামের একজন সিনিয়র সহকারী সচিবের পাঠানো চিঠিতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়।’মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় অনুমোদন দেয় না। এ জন্য জেলা প্রশাসককে বলা হয়েছে।মোকাদ্দেক আলীর দাবি, প্রয়োজনীয় ব্যবস্থা বলতে সবকিছু বোঝায়। নিরাপত্তা ও অনুমোদন এর সঙ্গে যুক্ত।জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘এখানে চার-পাঁচ দিন ধরে মঞ্চ হচ্ছে। প্রস্তুতিও চলছে। প্রশাসন বাধা দেয়নি। তাই ধরে নিয়েছি, প্রশাসনের সম্মতি আছে। তা ছাড়া উল্লাপাড়ায় সমাবেশ করতে নিষেধ করা হয়েছিল। এখানে তো নিষেধ করা হয়নি।’ গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনার সিরাজগঞ্জ পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রেলওয়ের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানকার এক কর্মকর্তা বলেন, এ ঘটনার পর তাঁদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২৩ কোটি টাকা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছে। সাত দিনের মধ্যে কমিটির প্রতিবেদন দিতে বলা হয়েছে।