বিএনপির ৬ কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিরুদ্ধে জনমত গড়তে দলের সাংগঠনিক শক্তি নিরূপণ ও সমমনাদের চিহ্নিত করতে ছয় দফা কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। এগুলো হচ্ছে কমিটি পুনর্গঠন ও কোন্দল নিরসন, কেন্দ্র থেকে উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন ইস্যুতে সভা-সমাবেশ ও মিছিল, সংসদে গিয়ে সরকারের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়া, কেন্দ্রীয় নেতাদের দেশব্যাপী সাংগঠনিক সফর; ভারতবিরোধী, ধর্মভিত্তিক ও সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করা এবং ইউনিয়ন প্রতিনিধি সভার প্রয়োজনীয়তা-বিষয়ক ধারাবাহিক আলোচনা।বিএনপির কয়েকজন নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, দল পুনর্গঠন, নেতা-কর্মীদের সক্রিয় করা ও সরকারের ব্যর্থতা জাতির সামনে তুলে ধরতে বিএনপি ছয় দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এসব কর্মপরিকল্পনার সফলতার ওপর নির্ভর করবে দলটি কবে নাগাদ সরকারবিরোধী আন্দোলনে নামবে। তাঁরা বলেন, দলের সাংগঠনিক অবস্থা ও নেতা-কর্মীদের মনোভাব বিশ্লেষণ করা দরকার। তা ছাড়া জাতীয় ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় কোন দল ও ব্যক্তিদের বিএনপি পাশে পাবে, তা-ও জানা থাকা দরকার।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রথম আলোকে বলেন, বিএনপি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সংগঠিত করে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। আরেক স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেন, চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী ভারতের সঙ্গে অসম চুক্তির বিরুদ্ধে বিভিন্ন দল ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ অব্যাহত থাকবে।বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, গত ৩১ জানুয়ারি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আগামী মাসের মধ্যে কমিটি পুনর্গঠন ও কোন্দল নিরসন এবং ইউনিয়ন প্রতিনিধি সভা-বিষয়ক আলোচনা শেষ করতে সময় বেঁধে দেওয়া হয়। তা ছাড়া সদস্য সংগ্রহ কর্মসূচির অবস্থা জানতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। তবে সাংগঠনিক সফরের সময়সূচি নির্ধারণ করা হয়নি। এ সপ্তাহে যুগ্ম মহাসচিবদের বৈঠকে তা নির্ধারণ করা হতে পারে।মির্জা ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সারা দেশের সাংগঠনিক পরিস্থিতি নিরূপণে ওই বৈঠক হয়। এতে যেসব জায়গায় কমিটি হয়নি, সেখানে কমিটি গঠনের জন্য সময় বেঁধে দেওয়া হয়।বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের এক কর্মকর্তা জানান, চেয়ারপারসনের দুই উপদেষ্টা ও স্থায়ী কমিটির একজন সদস্যকে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে সারা দেশে সাংগঠনিক কর্মসূচি পালনের জন্য চেয়ারপারসনের নির্দেশক্রমে সময়ে সময়ে মহাসচিবের স্বাক্ষরিত চিঠি পাঠানো হচ্ছে।আজ শুরু হচ্ছে ইউনিয়ন প্রতিনিধি সভার মূল্যায়ন কর্মসূচি: পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার সিলেট থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে। বিএনপির বর্তমান জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২০০৫ সালের ৪ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে শুরু হয় ইউনিয়ন প্রতিনিধি সভা। ওই সভার সুপারিশ মূল্যায়নের জন্য ১০টি জেলায় মূল্যায়ন সভা অনুষ্ঠিত হবে।সূত্র জানায়, এসব সভায় বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বক্তব্য দেবেন। ঢাকা থেকে এসব বুদ্ধিজীবী সভায় অংশ নেবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরাও সভায় বক্তব্য দেবেন। ২০০৫ সালের সুপারিশ মূল্যায়নের কথা বলা হলেও এসব সভায় ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি, টিপাইমুখ বাঁধ ও বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা সম্পর্কে দলের তৃণমূল নেতা ও জনগণকে অবহিত করাই হবে মূল লক্ষ্য। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের আন্দোলনের ব্যাপারে স্থানীয় নেতাদের মনোভাব বুঝে তা বিএনপির নীতিনির্ধারণী ফোরামকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।সংসদে বক্তব্যের বিষয় ঠিক করা হয়েছে: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গতকাল বলেন, বিএনপি বুধ-বৃহস্পতিবার সংসদে ফিরতে পারে। সংসদে দলটি বিভিন্ন জাতীয় ইস্যুতে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরবে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক জানান, কোন কোন বিষয়ে সাংসদেরা বক্তব্য তুলে ধরবেন, সে বিষয়ে গত বৃহস্পতিবার বিএনপি ও শরিক দলের সাংসদেরা আলোচনা করেছেন। এসব আলোচনার মধ্যে ভারতের সঙ্গে অসমাপ্ত বিভিন্ন ইস্যু, চুক্তি, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অগ্রাধিকার পাবে।বিএনপির একজন সাংসদ জানান, সংসদে বক্তব্যের ব্যাপারে একটি দিকনির্দেশনা দিয়েছেন চেয়ারপারসন ও জ্যেষ্ঠ সাংসদেরা। পাশাপাশি বিএনপি ও চার দল বিতর্কে জড়িয়ে পড়ে এমন কোনো বক্তব্য না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা: বিএনপির গুলশানের কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারপারসন খালেদা জিয়া নিজে আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করছেন। চারদলীয় জোটকে কার্যকর করারও উদ্যোগ নিয়েছেন তিনি। এর অংশ হিসেবে গতকাল বিএনপির সংসদীয় দলের সভায় চার দলের শরিক জামায়াত ও বিজেপির সাংসদদের রাখা হয় বলে জানা গেছে।