বিএনপির ‘অসৌজন্যে’ ক্ষুব্ধ জামায়াত ও ঐক্যজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের দুই শরিক দলটির বিরুদ্ধে অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ তুলেছে। দল দুটির নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এ বিষয়ে তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।দুই দলের একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, ২৭ সেপ্টেম্বর নয়াপল্টনে এবং ১১ অক্টোবর সিলেটের জনসভায় তাঁদের সঙ্গে উপযুক্ত ব্যবহার করেননি বিএনপির নেতারা। সভামঞ্চে বসা ও বক্তৃতা দেওয়ার বেলায় তাঁদের যথাযথ সম্মান দেওয়া হয়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ সিলেটের জনসভার মঞ্চ থেকে জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীকে নামিয়ে দেওয়া হয়। আর নয়াপল্টনের জনসভা মঞ্চে উঠতে বাধা দেওয়া হয় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান ও দলের সাংসদ হামিদুর রহমান আযাদকে। জামায়াত দাবি করে, দুটি জনসভা সফল করার ক্ষেত্রে তাদের ভূমিকা বিএনপির চেয়ে অগ্রগণ্য ছিল।ইসলামী ঐক্যজোট রুষ্ট: জানতে চাইলে আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘কোনো সভা-সমাবেশে গেলে বসার ব্যাপারে নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকি। সেভাবেই আমি পেছনের দিকে বসেছিলাম। হঠাৎ বিএনপির নেতা ইলিয়াছ আলী এসে বললেন যে এখানে বিএনপির নেতা বসবেন, আপনি উঠে যান। আমার লোকাল পলিটিক্স ভিকটিমাইজ (স্থানীয় রাজনীতি ক্ষতিগ্রস্ত) করবেন না।’দলীয় সূত্র জানায়, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর প্রতিনিধি হিসেবে রোডমার্চ ও জনসভায় অংশ নেন আবদুল লতিফ নেজামী। সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের মহাসচিবের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে মনঃক্ষুণ্ন হয়েছেন মুফতি আমিনীও।চার দলের এক নেতা বলেন, আসন থেকে তুলে দেওয়ার ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েন আবদুল লতিফ নেজামী। রাগে-লজ্জায় তিনি সমাবেশস্থল ত্যাগ করেন। একপর্যায়ে খালেদা জিয়ার কথা বলে বিএনপির এক নেতা তাঁকে মঞ্চে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তিনি আর ফেরেননি। তাঁকে অনুসরণ করে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহসভাপতি আবদুর রকিব ও সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহও মঞ্চ ত্যাগ করেন।সূত্র জানায়, এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গত রাতে আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে। বৈঠকে উপস্থিত থাকা এক নেতা বলেন, তাঁরা আরও কিছু বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন।ক্ষুব্ধ আমিনী: সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীও বিএনপির ওপর মনঃক্ষুণ্ন হয়েছেন। কারণ ঢাকা ও সিলেটের জনসভায় খালেদা জিয়া তাঁর ব্যাপারে কোনো কথা বলেননি। দলটি দাবি করছে, মুফতি আমিনী পাঁচ মাস ধরে লালবাগের বাসা ও মাদ্রাসার বাইরে যেতে পারছেন না। পুলিশ তাঁকে কার্যত গৃহবন্দী করে রেখেছে। এ ব্যাপারে বিএনপির কোনো পর্যায়ের নেতা টুঁ-শব্দটিও না করায় আমিনী ক্ষুব্ধ ও বিস্মিত। এ বিষয়ে তিনি লোক মারফতও খালেদা জিয়ার কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়।ওই সূত্রমতে, এরপর বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে দুই দিন আগে বিএনপির দায়িত্বশীল এক নেতা ফোন করে মুফতি আমিনীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু ওই নেতার সঙ্গে কথা বলতে আগ্রহ দেখাননি আমিনী। পরে গত শুক্রবার তাঁর বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে একটি বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জামায়াতের ক্ষোভ: দলটির দায়িত্বশীল সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নয়াপল্টনের জনসভায় জামায়াতের দুই নেতাকে মঞ্চে উঠতে বাধা দেওয়া হয়। বেলা আড়াইটায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান ও দলের সাংসদ হামিদুর রহমান আযাদ মঞ্চে গেলে দায়িত্বে থাকা বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম তাঁদের মঞ্চে উঠতে বাধা দেন।একজন প্রত্যক্ষদর্শী জানান, এ সময় জামায়াতের মহানগর শাখার এক নেতা দলের দুই নেতার পরিচয় জানিয়ে বলেন, তাঁরা দলের প্রতিনিধি হিসেবে সভায় বক্তৃতা করবেন। আবদুস সালাম বলেন, বক্তৃতার সময় হলে তখন উঠবেন। এতে ক্ষুব্ধ হয়ে হামিদুর রহমান চলে যেতে চাইলে পরে দুই নেতাকে মঞ্চে ওঠানো হয়।জানতে চাইলে হামিদুর রহমান আযাদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে সম্মত হননি। তিনি প্রথম আলোকে বলেন, এটা জোটের অভ্যন্তরীণ ব্যাপার। এসব বিষয় মিডিয়ায় না আসাই ভালো।দলীয় সূত্র জানায়, সিলেটের জনসভায় বক্তৃতা দেওয়ার জন্য জামায়াতের পক্ষ থেকে ছয়জনের একটি তালিকা দেওয়া হয়। কিন্তু বক্তৃতার সুযোগ দেওয়া হয় তিনজনকে। বিশেষ করে জামায়াতের সিলেট মহানগর আমির এহসান মাহবুব যোবায়েরকে বক্তৃতার সুযোগ না দেওয়ায় জামায়াত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।জানতে চাইলে এহসান মাহবুব যোবায়ের প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে দলের জনশক্তির কাছে আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি। যতটুকু জানি, কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন।’জামায়াতের একজন দায়িত্বশীল নেতা বলেন, আগে দলের নেতাদের বক্তৃতা দেওয়ার ঘোষণা জামায়াতের নেতারা দিতেন। গত দুই জনসভায় সেই সুযোগ দেওয়া হয়নি। নয়াপল্টনের জনসভায় মঞ্চে যাওয়ার পরও দলের ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা না করায় জামায়াতের নেতা-কর্মীরা মনঃক্ষুণ্ন হন।বিএনপির এই আচরণ পরিকল্পিত কি না, জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি চক্র জামায়াতকে কোণঠাসা করতে সরকারের হয়ে এসব করছে।