বিএনপির ‘ঐক্যসভা’য় সাকার ধমক, নগর সম্পাদকের প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোহাম্মদ মন্জুর আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে স্থানীয় প্রভাবশালী নেতাদের টেলিফোন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রগুলো জানায়, বুধবার মধ্যরাতে মন্জুরের বাসায় দলটির ‘ঐক্যসভা’ চলাকালে খালেদা জিয়া ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। দলীয় নেত্রীর নির্দেশনার আধা ঘণ্টার মধ্যে ওই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাকা চৌধুরীর ‘ধমক’ খেয়ে শাহাদাত হোসেন সভা থেকে বেরিয়ে যান। অবশ্য শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘উনি (সাকা চৌধুরী) এ রকম আচরণ করেই থাকেন, আমি ওই দিনের ঘটনায় কিছু মনে করিনি।’এ নির্বাচনে বিএনপির মতো ক্ষমতাসীন আওয়ামী লীগেও স্থানীয় নেতাদের মধ্যে অনৈক্য রয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে স্থানীয় নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের এক করতে বুধবার সন্ধ্যায় শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন। তিনি মহিউদ্দিনের পক্ষে কাজ করতে স্থানীয় প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা রানা দাশগুপ্তের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ দুজন নানা কারণে মহিউদ্দিন চৌধুরীর ওপর বিরক্ত ছিলেন। অবশ্য তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁরা আশ্বস্ত হয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে নিজ দলকে ঐক্যবদ্ধ করতে দুই দলেরই শীর্ষ নেতৃত্ব এর আগেও স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বৈঠক এবং দলীয় প্রতিনিধিদল পাঠিয়ে নানাভাবে তত্পরতা অব্যাহত রেখেছে। দলীয় একাধিক সূত্র থেকে জানা যায়, বুধবার মধ্যরাতে চট্টগ্রাম বিএনপির নেতারা নগরের খুলশীতে মেয়র প্রার্থী মন্জুর আলমের বাসভবনে এক বৈঠক করেন। গভীর রাত পর্যন্ত এ বৈঠকে মহানগর বিএনপির প্রভাবশালী নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, শামসুল আলম, নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এই নেতারা পৃথকভাবে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করলেও বুধবার রাতে সবাই একত্রে বসে আলোচনা করেছেন। তাই দলীয় নেতাদের কাছে এটা ‘ঐক্যসভা’ নামে পরিচিত পায়। মীর নাছির প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের বিএনপির নেতারা মন্জুরের পক্ষে কাজ করছেন ঠিকই, তবে একসঙ্গে কখনো সব নেতার বসা হয়নি। ঐক্যবদ্ধ হওয়ার জন্য এ সভা করা হয়েছে।সূত্র জানায়, মূলত বিরোধীদলীয় নেতার নির্দেশে তাঁরা এ বৈঠক করেন। বৈঠক চলাকালে রাত ১২টার কিছু পরে খালেদা জিয়া মেয়র প্রার্থী মন্জুরকে ফোন দেন। এর পর তিনি ওই ফোনে বৈঠকে থাকা অন্য নেতাদের কথা বলেছেন বলে আমীর খসরু মাহমুদ প্রথম আলোকে বলেছেন।খালেদা জিয়ার সঙ্গে আলোচনার পর নগর বিএনপির অন্য নেতারা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা শুরু করেন।আলোচনার একপর্যায়ে সাকা চৌধুরীর সঙ্গে শাহাদাত হোসেনের বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাকা চৌধুরী উত্তেজিত হয়ে শাহাদাতকে ধমক দেন এবং শাহাদাত কোন এখতিয়ারে কেন্দ্রীয় নেতাদের এ বৈঠকে এসেছেন, তা জানতে চান। জবাবে শাহাদাত হোসেন জানান, তিনি নগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বৈঠকে এসেছেন। ওই বৈঠকে ছিলেন, এমন দুই নেতা বলেন, সাকা চৌধুরী গালাগাল করেন শাহাদাতকে। এর একপর্যায়ে শাহাদাত বৈঠক ছেড়ে চলে যান। ওই দুই নেতা বলেন, তাঁরা যখনই নগর বিএনপি একসঙ্গে কোনো কাজ করতে যান, তখনই কোনো না কোনো সমস্যা দেখা দেয়।জানতে চাইলে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘শাহাদাত বাচ্চা ছেলে। ওর সঙ্গে আবার আমার কী হবে? ও একটু এদিক-ওদিক করেছিল। বেশি কথা বলছিল। তাই একটু ধমক দিয়েছি। এটা তেমন কিছু না।’প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী মন্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেদীবাগে তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।আমীর খসরু বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে চট্টগ্রামের দুই ভোটার বিনোদবিহারী ও রানা দাশগুপ্তের কাছে ফোনে মহিউদ্দিনের হয়ে প্রধানমন্ত্রীর ভোট চাওয়া এবং তাঁদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের কাছে ভোট চাওয়ার বিষয়ে অভিযোগ করা হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আচরণবিধির ১৪ নম্বর ধারা সুস্পষ্ট লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়।অবশ্য নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয়। আচরণবিধিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা নির্বাচনী এলাকায় প্রচার করতে পারবেন না। ফোনে কথা বলতে পারবেন না, এমনটা বলা হয়নি।