বিএনসিসি ক্যাডেটকে ছাত্রদল নেতার মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আজ বুধবার দুপুরে কর্তব্যরত এক বিএনসিসি ক্যাডেটকে মারধর করেছেন ছাত্রদলের এক নেতা। বিএনসিসি ক্যাডেট রাসেল হোসেন (২১) প্রথম আলোকে জানান, ছাত্রীদের জন্য নির্দিষ্ট গেট দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মহড়া দিয়ে ঢুকছিলেন। তিনি সে সময় তাঁদের ঢুকতে বাধা দেন। এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম তাঁকে কিল-ঘুষি মারেন। এই ঘটনার প্রতিবাদে পরে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলকে ধাওয়া দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ছাত্রদলের বিশৃঙ্খলার জন্য এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন প্রথম আলোকে বলেন, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করেছে। ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গেট দিয়ে শান্তিপূর্ণভাবে ঢোকার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর অতর্কিতে হামলা করে। প্রসঙ্গত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিএনসিসি ক্যাডেটরা দায়িত্ব পালন করছেন।