প্রথম আলো অনলাইনকে অধ্যাপক সালাহউদ্দিন
বিএবি বাংলাদেশ ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করলে ভালো হতো
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) তহবিল গঠনের বিষয়টি আক্ষরিক অর্থে লোক দেখানোর নামান্তর হিসেবে মন্তব্য করেছেন শেয়ারবাজার বিশেষজ্ঞ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান। গতকাল শনিবার প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সালাহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকাররা যদি বাজার ভালো করার প্রকৃত উদ্দেশ্য নিয়ে এগোতেন তাহলে তাঁদের উচিত ছিল বিভিন্ন ব্যাংক থেকে যে পরিমাণ তহবিল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অর্থাত্ প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা জরুরি ভিত্তিতে বিনিয়োগ করা। এ ক্ষেত্রে বাংলাদেশ ফান্ডের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগ করলে তা বাজারে বেশি সহায়ক ভূমিকা রাখতে পারত। কেননা এই মুহূর্তে বাজারে চরম তারল্য সংকট বিরাজ করছে। তাই তারল্য সরবরাহ বাড়ানো বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে এক হাজার কোটি টাকার নতুন তহবিল সামান্য হলেও বাজারকে প্রভাবিত করতে পারত।অধ্যাপক আহমেদ বলেন, এখনো সময় আছে নতুন মিউচুয়াল ফান্ড গঠনের কার্যক্রম স্থগিত করে বিএবির সহযোগী ব্যাংকগুলোকে বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে প্রস্তাবিত টাকা বিনিয়োগের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিয়ে কোনো ধরনের ঘোষণা ছাড়া তা বাস্তবায়ন করতে হবে। তাহলে আইসিবির পক্ষে কিছুটা হলেও চাহিদা জোগানের পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে।ডিএসইর সাবেক প্রধান নির্বাহীর মতে, আইসিবির উচিত হবে শুধু ব্যাংকের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স প্রতিষ্ঠান ও উচ্চবিত্ত লোকদের বাংলাদেশ ফান্ডে সম্পৃক্ত করা। আর এটা করা হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।অধ্যাপক আহমেদ বলেন, তহবিলের আকার যখন এক হাজার কোটি টাকা দিয়ে শুরু হচ্ছে তাহলে পাঁচ হাজার বলার দরকার কী? এতে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কারণ, এটি একটি মূল্য সংবেদনশীল তথ্য বলেও মন্তব্য করেন তিনি।গত ২৩ অক্টোবর বিএবির পক্ষ থেকে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার করতে ‘শেয়ারবাজার স্থিতিশীলকরণ তহবিল’ (এসএমএসএফ) নামে মিউচুয়াল ফান্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।এদিকে আগামী মাসের মধ্যে ‘পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল’ (এসএমএসএফ) থেকে বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিএবি। গত বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক শেষে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এ ঘোষণা দেন। একই সঙ্গে ফান্ডটি ব্যবস্থাপনার জন্য একটি পৃথক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের জন্য এসইসির কাছে আবেদন করবে সংগঠনটি।এক হাজার কোটি টাকা দিয়ে শুরু হবে এই মিউচুয়াল ফান্ডটি এবং পর্যায়ক্রমে ফান্ডটির আকার পাঁচ হাজার কোটি টাকায় দাঁড়াবে বলে ওই দিন নজরুল ইসলাম জানান।