বিএমএ নির্বাচনে স্বাচিপ সমর্থিত প্যানেল জয়ী
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে সরকার-সমর্থক বলে পরিচিত স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) সমর্থিত মাহমুদ হাসান- ইকবাল আর্সলান প্যানেল জয়ী হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় বিএমএ ভবনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। বিএমএ সভাপতি, মহাসচিবসহ সব সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব পদেই বিজয়ী হয়েছে স্বাচিপের প্রার্থীরা।ফল অনুযায়ী বিএমএ এর সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাচিপ সমর্থিত মাহমুদ হাসান এবং ইকবাল আর্সলান নির্বাচিত হয়েছেন মহাসচিব।এদিকে বিএনপি-সমর্থক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছে। ২৯ নভেম্বর নির্বাচনের পর রাত সাড়ে ১২টার সময় ফল প্রত্যাখ্যান করে ড্যাব। এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেন, একাধিক জেলায় ড্যাবপন্থী চিকিত্সকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। কিছু ক্ষেত্রে জেলা সিভিল সার্জনরা স্বাচিপকে ভোট দিতে চিকিত্সকদের চাপ দিয়েছেন। অনেক স্থানে প্রকাশ্যে ভোট দেওয়া হয়েছে।তবে কারচুপি ও অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। কমিশন বলেছে, যথাযথভাবে নির্বাচন হয়েছে।