বিএমডিসিতে ক্ষমতাসীন দলের চিকিৎসকদের একচ্ছত্র আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা শিক্ষা ও পেশা চর্চার নিয়ামক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) নির্বাচনের নামে একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছে আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। বিএমডিসির কার্যনির্বাহী কমিটির সাতটি পদেই স্বাচিপের সদস্যরা নির্বাচিত হয়েছেন।দেশি-বিদেশি চিকিৎসা সংশ্লিষ্ট উচ্চতর ডিগ্রির স্বীকৃতি প্রদানকারী এই জাতীয় প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি এমবিবিএস ও ডিপ্লোমা ডিগ্রিধারী চিকিৎসক হওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার এমনভাবে বিএমডিসি কাউন্সিল গঠন ও এর সদস্য ঠিক করেছে যে নির্বাচনের অন্য কোনো ফলাফল হওয়ার সুযোগই ছিল না। প্রতিষ্ঠানটিতে দলীয় রাজনীতির প্রভাব প্রবল হওয়ায় এর বিরূপ প্রভাব পড়বে চিকিৎসা শিক্ষা ও পেশা চর্চার ওপর।১০ মে বিএমডিসির সাধারণ সভা বসে এবং সভায় কার্যনির্বাহী কমিটিসহ আরও চারটি কমিটির সদস্যরা নির্বাচিত হন। কমিটির ২২ সদস্যের মধ্যে একজন যুগ্ম সচিব, ১২ জন স্বাচিপের সদস্য। বাকিরা বর্তমান সরকারের সমর্থক।বিএমডিসি সূত্র জানায়, সর্বশেষ নির্বাচন হয় ১৯৯৪ সালে। পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ১৯৯৭ সালের ৭ অক্টোবর। কিন্তু মামলাসহ একাধিক কারণে কাউন্সিল গঠিত হয়নি, সাধারণ সভাও হতে পারেনি। বর্তমান সরকার গত বছর বিএমডিসি আইন পরিবর্তন করে কাউন্সিল পুনর্গঠনের উদ্যোগ নেয়।এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ৫ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৬৫ সদস্যের কাউন্সিল গঠন করে। এতে দেখা যায়, স্পিকার যে আটজন সাংসদকে বিএমডিসির সদস্য মনোনীত করেছেন, তাঁরা সবাই আওয়ামী লীগের। সাতটি বিভাগ থেকে ১৪ জন মনোনীত সদস্যের প্রায় সবাই সরকারি দলের সমর্থক, এর মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতিও আছেন। এভাবে দেখা যায়, বিশেষায়িত হাসপাতালের প্রতিনিধি বা পদাধিকার বলে সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রায় সবাই স্বাচিপের সদস্য বা সরকারি দলের সমর্থক।দেশি-বিদেশি ডিগ্রির স্বীকৃতিদান ছাড়াও পাঠ্যসূচি প্রণয়ন, ভর্তির নীতিমালা ঠিক করা, শিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতার মান নির্ধারণ, চিকিৎসকদের পেশা চর্চার সনদ প্রদান, ভুয়া ডিগ্রিধারীদের শাস্তি প্রদান করা বিএমডিসির উল্লেখযোগ্য কাজ।সংশ্লিষ্ট সূত্র জানায়, কাউন্সিল সভায় ৫৫ জন সদস্য উপস্থিত ছিলেন। বিভিন্ন কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো দল বা ব্যক্তি ছিলেন না। সভায় বিভিন্ন কমিটির পদে নাম প্রস্তাব হতে থাকে এবং অন্যরা এর সমর্থন করেন। ১৯৯৪ সালের নির্বাচনের সময় একই ঘটনা ঘটেছিল বলে বিএমডিসি সূত্র জানিয়েছে। তখন ক্ষমতায় ছিল বিএনপি।নাম প্রকাশে অনিচ্ছুক নতুন কমিটির কার্যনির্বাহী কমিটির একজন সদস্য বলেছেন, সরকারের মতাদর্শের সঙ্গে যায় এমন ব্যক্তিদেরই সদস্য করা হয়েছে এবং সদস্যরা কোনো বিবাদ ছাড়াই বিভিন্ন কমিটি তৈরি করেছেন।এ ব্যাপারে নবনির্বাচিত সহসভাপতি ও স্বাচিপের মহাসচিব ইকবাল এম আর্সলান প্রথম আলোকে বলেন, বিএমডিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটি। পাঁচ সদস্যের এই কমিটির চারজন স্বাচিপের সদস্য নন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তাঁরা জড়িত নন। তবে তিনি মনে করেন, দলের বাইরে আরও কিছু চিকিৎসককে সদস্য ও নির্বাচিত করলে ভালো হতো।এর আগের সভাপতিদের এমবিবিএসসহ উচ্চতর ডিগ্রি ছিল। এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন বলেন, ‘আমার উচ্চতর ডিগ্রি নেই, এ কথা ঠিক। তবে দীর্ঘকাল চিকিৎসাসেবা দিচ্ছি ও পড়াচ্ছি। সব নিয়মনীতি মেনেই অধ্যাপক হয়েছি। তা ছাড়া বিএমডিসির আইনে সভাপতি হওয়ার জন্য উচ্চতর ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়।’বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধ্যাপক বলেন, আইনের চেয়ে বড় বিষয় হচ্ছে নৈতিকতা। উচ্চতর ডিগ্রির স্বীকৃতি দেয় ও দেবে, এমন প্রতিষ্ঠানের সভাপতির উচ্চতর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।এদিকে দলীয় প্রভাবের ক্ষতিকর দিকটির উদাহরণ দিলেন অন্য একজন চিকিৎসক। ক্ষমতাসীন দলের নেতার আত্মীয় রাশিয়া থেকে ডিগ্রি এনেছেন। তাঁর কোনো স্বীকৃতি বাংলাদেশে ছিল না। চাপ নিয়ে সেই স্বীকৃতি নেওয়া হয়। তিনি বলেন, এখন এসব ঘটনা আরও বাড়বে।