বিএল কলেজের ছাত্র ছিনতাইকারীদের গুলিতে নিহত
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গতকাল মঙ্গলবার জাহিদুল ইসলাম (২২) নামের এক ছাত্র ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।জাহিদুল উপজেলার নওয়াপাড়া গ্রামের আবদুল গফফার বিশ্বাসের ছেলে। তিনি খুলনার বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নওয়াপাড়ার একটি দোকানে খণ্ডকালীন চাকরি করে সংসারের ব্যয় ও লেখাপড়ার খরচ চালাতেন।প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্যমতে, নওয়াপাড়ার সার ও সিমেন্টের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স শোভন ট্রেডার্সের কর্মচারী জাহিদুল এবং মেসার্স মনিরুল এন্টারপ্রাইজের ব্যবস্থাপক দিলীপ মণ্ডল গতকাল বেলা একটার দিকে ইসলামী ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তোলেন। পরে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে হেঁটে স্টেশনবাজারে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। তাঁরা উত্তরা ব্যাংকের সামনে পৌঁছলে পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী জাহিদের হাতে থাকা টাকার ব্যাগটি ধরে টানাটানি করতে থাকে। এ সময় তাঁরা ছিনতাইকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। দিলীপ মণ্ডল একজন ছিনতাইকারীকে জাপটে ধরেন। এ সময় আরেকজন ছিনতাইকারী জাহিদের গলার ডান পাশে পিস্তল ঠেকিয়ে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে মোটরসাইকেলযোগে যশোরের দিকে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরপরই তিনি মারা যান।এ ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে বেলা সোয়া একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। নওয়াপাড়ার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ভৈরব নদে অপেক্ষমাণ বার্জ ও কার্গোর মালামাল ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেওয়া হয়।এ ঘটনার প্রতিবাদে নওয়াপাড়ার ব্যবসায়ীরা সন্ধ্যায় নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়ার সব দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে এবং ভৈরব নদে সব ধরনের পণ্য খালাস বন্ধ থাকবে।নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন জানান, নওয়াপাড়ায় এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।