বিএসইসির নির্বাহী পরিচালক বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়াকে অবশেষে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। পাশাপাশি কমিশনের চাকরিবিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাঁর ছয়টি বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার বিএসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ারুল কবির ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চাকরি প্রবিধানমালা-১৯৯৫-এর বিধান অনুযায়ী তাঁর বেতন কেটে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর কৃষি ব্যাংকের তত্কালীন চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আনোয়ারুল কবির ভূঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়। পরবর্তী সময় পুনর্গঠিত কমিশনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অধিকতর তদন্ত করা হয়। বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী ও আমজাদ হোসেনের সমন্বয়ে গঠিত কমিটি অধিকতর তদন্ত পরিচালনা করে। কমিটি ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনের হাতে ২১৮ পৃষ্ঠার বিশদ তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে আনোয়ারুল কবির ভূঁইয়াকে কমিশনের চাকরি থেকে অপসারণের সুপারিশ করা হয়। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে গত বছরের মার্চে কমিশন তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। বিএসইসির অধিকতর তদন্তে বলা হয়, নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ পদে থেকে চাকরিবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তার করে স্ত্রীর নামে তিনি শেয়ার ব্যবসায় যুক্ত ছিলেন।