বিএসএফ দুঃখ প্রকাশ করেছে
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজুল হক বলেছেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুঃখ প্রকাশ করেছে। এ ছাড়া সীমান্তে পরিস্থিতির যেন আর অবনতি না ঘটে, সে ব্যাপারেও আশ্বস্ত করেছে তাঁরা। আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত পরিদর্শনকালে বিএসএফের মালদা সেক্টরের মহাপরিদর্শকের সঙ্গে সৌজন্যসাক্ষাত্ শেষে বিজিবির মহাপরিচালক আজিজুল হক এ কথা বলেন।জানা গেছে, নিয়মিত সীমান্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে বিজিবির মহাপরিচালক আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে আসেন। বিজিবির মহাপরিচালকের সম্মানে বিএসএফের পক্ষ থেকে ভারতের মহদিপুর ক্যাম্পে এই সৌজন্যসাক্ষাতের আয়োজন করা হয়। বিজিবির মহাপরিচালক সোনামসজিদ সীমান্তে পৌঁছালে বিএসএফ মালদা সেক্টরের ইন্সপেক্টর জেনারেল কে কে শর্মা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তাঁকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। সেখানে সাক্ষাত্ শেষে বিজিবির মহাপরিচালক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলাদেশে ফিরে আসেন।সৌজন্যসাক্ষাতে বিজিবির মহাপরিচালকের সঙ্গে ছিলেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল সরকার শামসুদ্দীন, ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলমসহ বিজিবির অন্য কর্মকর্তারা। বিএসএফের ইন্সপেক্টর জেনারেল কে কে শর্মার সঙ্গে ছিলেন ডিআইজি অমরজিত্ সিংসহ কর্মকর্তারা। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবির মহাপরিচালক আরও বলেন, ‘বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুই বাংলাদেশির হত্যাকাণ্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ঘটনাটি খতিয়ে দেখছে। এই সীমান্ত মাদকপ্রবণ এলাকা। এই সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধেরও দাবি জানিয়েছি আমরা।’