বিএসএফ নিল ১ বাংলাদেশিকে, বিজিবি ২ ভারতীয়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের বাংলাদেশ অংশে ঢুকে আজ শুক্রবার বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই কৃষকের নাম বাছেদ আলী। তাঁর বাড়ি আমঝোল গ্রামে।বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে বাছেদ আলী আমঝোল সীমান্তসংলগ্ন এলাকার জমিতে কাজ করতে যান। এ সময় ভারতের শীতলখুঁচি থানার লালবাজার-বড়মরিচা ক্যাম্পের ২১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯০৪ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের ভেতরে ঢুকে বাছেদকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল ওই সীমান্তে যায়। এ সময় বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নগেন্দ্র বর্মণ (৪০) ও মনোরঞ্জন রায় (৪১) নামের দুই ভারতীয় নাগরিককে আটক করে তারা। তাঁদের স্থানীয় দইখাওয়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।এর আগে গত মঙ্গলবার সকালে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে শওকত আলী (৪৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় মরিচাবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এখন পর্যন্ত তাঁকে ফেরত দেওয়া হয়নি। গত সপ্তাহে জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে আট বাংলাদেশিকে ধরে নিয়ে ফেরত দেয়নি বিএসএফ। এদিকে বিজিবির পক্ষ থেকে আজ সন্ধ্যায় বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিজিবির দইখাওয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রুহুল আমিন বলেন, বাছেদকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে তাঁকে এবং শওকতকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।