বিএসএফের গুলি কেড়ে নিল ফেলানীর বিয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের বিয়ে দেওয়া হলো না কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের বানারভিটা গ্রামের দিনমজুর নুরুল ইসলামের। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা গুলি করে হত্যা করেছে নুরুলের মেয়ে ফেলানীকে (১৫)। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে এ ঘটনা ঘটে।মৃত্যুর পরও দীর্ঘ সময় ফেলানীর লাশ সীমান্তের কাঁটাতারের সঙ্গে ঝুলতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সীমান্তের মানুষ। বেলা সাড়ে ১১টায় ফেলানীর ঝুলন্ত লাশ সরিয়ে নেয় বিএসএফ।গতকাল নাগেশ্বরীর বানারভিটা গ্রামে নিহত ফেলানীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা নুরুল ইসলাম মেয়েকে হারিয়ে পাগলপ্রায়। এ সময় মেয়েটির মামা মো. হানিফ জানান, নুরুল দিনমজুরি করে সংসার চালান। সংসারে তিন ছেলে ও তিন মেয়ে। তাঁরা সবাই ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করেন। কাজ করে কিছু টাকা জমা হওয়ার পর ফেলানীকে বিয়ে দিতে গ্রামের বাড়িতে নিয়ে আসছিলেন। গতকাল রাতে ফেলানীর বিয়ে হওয়ার কথা ছিল।হানিফ জানান, দেশে ফিরতে বুধবার বিকেলে দিল্লি থেকে পশ্চিমবঙ্গের চৌধুরীহাট সীমান্তে আসেন নুরুল ও ফেলানী। সীমানা পার হতে দালালের সহায়তা নেন তাঁরা। বুধবার রাত থেকে অনেকবার চেষ্টা করেও সীমানা পার হতে পারেননি।রামখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রশীদ বেপারী জানান, নুরুল ও ফেলানী ভোর সাড়ে পাঁচটার দিকে সীমানা পার হওয়ার চেষ্টা করেন। নুরুল প্রথমে মই বেয়ে কাঁটাতার পেরিয়ে আসেন। ফেলানী মইতে উঠলে তার কাপড়চোপড় কাঁটাতারে আটকে যায়। এ সময় সে ভয়ে চিৎকার শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বিএসএফের বুলেট তার বুক ঝাঁজরা করে দেয়।সীমান্তবাসী ও বিডিআর সূত্রে জানা যায়, ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তের ৯৪৭ আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ ও ৪ সাব পিলারের কাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের টহল দল অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ফেলানীর মৃত্যু হয়।বিডিআরের ফুলবাড়ীর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবদুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মই বেয়ে কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে ফেলানী গুলিবিদ্ধ হয়। গুলি করে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। ওই সীমান্তে বিডিআরের টহল জোরদার করা হয়েছে।কুড়িগ্রাম ২৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আবদুর রাজ্জাক তরফদার প্রথম আলোকে জানান, দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে আজ শনিবার সকালে লাশ ফেরত দেবে বলে বিএসএফ বৈঠকে জানিয়েছে।মাঠপর্যায়ের নিয়মনীতি ভঙ্গ করছে বিএসএফ: বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আজিজুর রহমান গতকাল বিবিসিকে বলেছেন, ‘বিএসএফ মাঠপর্যায়ের নিয়মনীতি (গ্রাউন্ড রুল) বারবার ভঙ্গ করছে। গ্রাউন্ড রুলে এ জাতীয় অনুপ্রবেশের ঘটনায় কোনো অবস্থায় গুলি ছোড়া যাবে না। কিন্তু বিএসএফকে কীভাবে বোঝানো যায়, আমি জানি না। এর আগে যতবার বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে, তারা সব সময় বলেছে, এ ধরনের ঘটনা আর ঘটবে না। বছর খানেক আগে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়, এরপর আর গুলির ঘটনা ঘটবে না। কিন্তু ওই দিনই গুলি ছুড়েছে বিএসএফ। তারপরও বারবার গুলি ছুড়েছে।’বিবিসি জানায়, মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যানে বলা হয়েছে, কেবল গত বছর ৭৪ জন বেসামরিক নাগরিক বিএসএফের হাতে নিহত হয়েছে।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মনে করছে, এসব হত্যাকাণ্ডে জড়িত বিএসএফের সদস্যদের বিচার হওয়া উচিত। তাদের এ মনোভাবের সঙ্গে একমত পোষণ করে মেজর জেনারেল আজিজুর রহমান বলেন, বিচার করা হলে বিএসএফ গুলি করার আগে অন্তত চিন্তা করবে।