বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত এবং অপর ছয়জন আহত হয়েছেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলাসংলগ্ন ভারতীয় সীমান্তে গত মঙ্গলবার দিবাগত রাতে এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল বুধবার সন্ধ্যায় লাশ ফেরত দেওয়ার কথা।সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ ও তাদের হাতে নিরপরাধ বাংলাদেশি হত্যার ঘটনা তদন্তের ব্যাপারে ভারত আশ্বাস দেওয়ার দিন রাতেই এ হতাহতের ঘটনা ঘটল।নিহত গরু ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (২৬)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড়-মাঠপাড়ার তোরাব আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন: উপজেলার শরিষাঘাটা গ্রামের নেছার উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩০), লড়াইঘাটা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে রাজু (২৫), একই গ্রামের আবদুল হান্নানের ছেলে ইমরান হোসেন (২৪), শ্রীনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবদুল মণ্ডল (২৬), গৌর হালদারের ছেলে শংকর হালদার (৩৫) ও পদ্মপুকুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মহর আলী (২৫)। তাঁদের মহেশপুর, চুয়াডাঙ্গার জীবননগর ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গরু ব্যবসায়ীদের বরাত দিয়ে লড়াইঘাটা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, কোরবানির ঈদ সামনে রেখে সীমান্ত এলাকার ওই গরু ব্যবসায়ীরা গত রোববার দল বেঁধে ভারতে যান। মঙ্গলবার রাতে তাঁরা গরু নিয়ে মহেশপুরের চাপাতলাসংলগ্ন ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া পার হচ্ছিলেন। এ সময় ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে রবিউল ইসলাম নিহত হলে তাঁর লাশ ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়। অন্যরা গুলিবিদ্ধ হওয়ার পরও বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।আনোয়ার হোসেন আরও জানান, তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে জীবননগর, মহেশপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। রবিউলের লাশ ফেরত পাওয়ার জন্য তাঁরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন।বিজিবির কুসুমপুর কোম্পানির কমান্ডার আমির খসরু জানান, ঘটনার প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। পরে গতকাল দুপুর ১২টার দিকে কুসুমপুর ও শ্রীনাথপুর ক্যাম্পের মাঝখানে ঘোনার মাঠে বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে ৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সুলতান আহমেদ এবং বিএসএফের ৪২ ব্যাটালিয়নের স্টাফ অফিসার এ কে রাও নেতৃত্ব দেন।আমির খসরু আরও জানান, বৈঠকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। গতকাল সন্ধ্যার দিকে লাশ ফেরত দেওয়ার কথা ছিল।মঙ্গলবার ঢাকায় ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষ হয়। বৈঠক শেষে বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক জানান, সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ ও তাদের হাতে নিরপরাধ বাংলাদেশি হত্যার ঘটনা তদন্তের ব্যাপারে ভারত আশ্বাস দিয়েছে। ওই রাতেই বিএসএফের হাতে বাংলাদেশি হতাহতের এ ঘটনা ঘটল।