বিএসএফের গুলিতে চার বাংলাদেশি নিহত
দিনাজপুরের বিরামপুর, মেহেরপুরের গাংনী ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চার বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার রাত আটটা থেকে গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টার মধ্যে এসব ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—বিরামপুরের কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের মতিয়ার রহমান (২২) ও রণগ্রামের তাইজুল ইসলাম (২৬), গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়নের শাওড়াতলা গ্রামের নাহারুল হোসেন (৩৫) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণানন্দ বকশী গ্রামের আলমগীর হোসেন (২৫)।এর মধ্যে গাংনীর নাহারুল বিএনপির কর্মী ও কৃষিকাজ করেন। অন্যরা ভারত থেকে গরু আনার কাজ করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: নিহত মতিয়ার, তাইজুলসহ কয়েকজন যুবক শুক্রবার ভারতে গরু আনতে যান। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরামপুরের ভাইগড় কোম্পানি কমান্ডার আবদুল কাদের মীর বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাটলা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে ঢোকার পথে বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে চারটি গুলি ছোড়েন। এতে মতিয়ার ও তাইজুল ভারতের জামালপুর ফলিমারী গ্রামের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লাশ টেনে ক্যাম্পে নিয়ে যান।নিহত মতিয়ারের বাবা সিদ্দিক সরকার প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্ধ্যায় মতিয়ার বাড়ি থেকে বের হয়। গতকাল সকালে স্থানীয় গরু ব্যবসায়ীদের কাছে ছেলের মৃত্যুর খবর পান। নিহত তাইজুলের বাবা অছির উদ্দিনও একই কথা বলেন। বিএসএফের গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় গতকাল দুপুরে বিরামপুরের ঘাসুরিয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়। নিহত দুজনের লাশ ফেরত দেয়নি বিএসএফ।বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক ইফতেখার বলেন, ‘বৈঠকে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছি। বিএসএফ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের কারণে চ্যালেঞ্জ করা হলে বাংলাদেশি গরু ব্যবসায়ীরা বিএসএফের ওপর হামলা চালালে বিএসএফ গুলি করতে বাধ্য হয়।’মেহেরপুর: নিহত নাহারুলের বাবা বিশারদ হোসেন বলেন, ‘শুক্রবার রাত আটটার দিকে নাহারুল সেচের কাজে শাওড়াতলা গ্রামের নিজ জমিতে যায়। এর কিছুক্ষণ পর সীমান্তে চারটি গুলির শব্দ শুনে এগিয়ে যাই। তখন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ নাহারুলকে গুলি করে লাশ ভারতে নিয়ে গেছে।’নাহারুল বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানিয়েছেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও শাওড়াতলা গ্রামের বাসিন্দা ফরমান আলী। তিনি বলেন, গতকাল রাত সোয়া সাতটার দিকে বিএসএফ নাহারুলের লাশ ফেরত দেয়। লাশের শরীরে গুলি ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।ফরমান আলী বলেন, নাহারুল এলাকার চোরাচালানিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এ কারণে চোরাচালানিদের কেউ বিএসএফকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটাতে পারে।এ ব্যাপারে বিজিবি ৩২ ব্যাটালিয়ন কমান্ডার ও মিরপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হামিদুন নবী চীেধুরী বলেন, শাওড়াতলা সীমান্তে বিএসএফের হাতে একজন বাংলাদেশি মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে। বিএসএফ কেন এই ঘটনা ঘটাল, তা তদন্ত করা হচ্ছে।এদিকে বিএনপির কর্মী নাহারুলের মৃত্যুর প্রতিবাদে গতকাল দুপুরে মেহেরপুর জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।কুড়িগ্রাম: ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোসাব্বর হোসেন বলেন, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে কৃষ্ণানন্দ বকশী গ্রামের কৃষক ইসমাইল হোসেনের ছেলে আলমগীরসহ ১০-১২ জন ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। গোড়কমণ্ডল সীমান্ত দিয়ে আসার সময় বিএসএফের জওয়ানেরা গুলি ছুড়লে আলমগীর আহত হন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আলমগীরের মৃত্যু হয়।একই সীমান্তে বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিএসএফ গুলি করে বাংলাদেশি যুবক মোহর উদ্দিন ও আনোয়ার হোসেনকে আহত করে। এর মধ্যে আনোয়ারকে আটক করে তারা। মোহর ফিরে আসতে পারেন।এ দুটি ঘটনায় গতকাল দুপুরে গোড়কমণ্ডল সীমান্তে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। বৈঠকে নেতৃত্ব দেওয়া কুড়িগ্রাম বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বলেন, বৈঠকে বিএসএফকে মনে করিয়ে দেওয়া হয়, চুক্তি অনুযায়ী সীমান্তে গুলি করার কথা নয়। কড়া প্রতিবাদের মুখে বিএসএফ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে প্রতিশ্রুতি দেয়, ভবিষ্যতে তারা আর গুলি করে মানুষ হত্যা করবে না। বিজিবির কর্মকর্তা বলেন, বৈঠকে বিএসএফ দাবি করে, ১০-১২ জনের একদল চোরাকারবারি গতকাল ভোরে ভারতের হরিদাস খামার এলাকায় গরু আনতে যায়। এ সময় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফের জওয়ানেরা বাধা দিলে চোরাকারবারিরা তাঁদের আটক করে মারধর করেন। খবর পেয়ে ক্যাম্প থেকে অতিরিক্ত বিএসএফের একটি দল ঘটনাস্থলে গিয়ে সঙ্গীদের প্রাণ বাঁচাতে গুলি ছোড়ে। এ ছাড়া বৃহস্পতিবার বিএসএফের গুলিতে আহত আনোয়ারকে ভারতের কারাগারে পাঠানো হয়েছে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে।পরিবারে আহাজারি: নিহত আলমগীরের লাশ গতকাল সকাল নয়টার দিকে কৃষ্ণানন্দ বকশী গ্রামের বাড়িতে পৌঁছালে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশ দেখে স্ত্রী বিউটি বেগম (২১) কান্নায় ভেঙে পড়েন। একমাত্র মেয়ে অনন্যা (৩) ফ্যালফ্যাল করে বাবার লাশের দিকে তাকিয়ে ছিল।