বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মতিহার থানার খানপুর সীমান্তের ওপারে গত বৃহস্পতিবার রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের দুই নাগরিক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে তাঁদের লাশ হস্তান্তর করা হতে পারে।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন গতকাল রোববার প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর কানসিরা গ্রামের সেরাজুল ইসলাম (৪০) ও জগন্নাথপুর গ্রামের জাইজুদ্দিন (২০)। তাঁরা গরুর ব্যবসা করতেন। পুলিশ লাশ দুটি ফেরত পাওয়ার অপেক্ষায় আছে।জাইজুদ্দিনের বড় ভাই আবদুল হান্নান গতকাল রাত আটটার দিকে জানান, তাঁরা চার ভাই। জাইজুদ্দিন ছিলেন সবার ছোট। তিনি ছয় দিন আগে আরও কয়েকজনের সঙ্গে ভারতে যান। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাঁর সঙ্গীরা মুঠোফোনে জানান, বিএসএফের গুলিতে জাইজুদ্দিন মারা গেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক জাহিদ হাছান গতকাল জানান, বিএসএফ কর্তৃপক্ষই প্রথমে তাঁদের ওই তথ্য জানায়। নিহত ব্যক্তিদের নাম-ঠিকানাও সরবরাহ করা হয়। সীমান্ত এলাকা থেকে ভারতের সাত-আট কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় একজন ভারতীয় নাগরিকও নিহত হন।জাহিদ হাছান বলেন, খবর পাওয়ার পর বিডিআরের পক্ষ থেকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত বিএসএফ কোনো সাড়া দেয়নি। গতকাল সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে লাশ দুটি হস্তান্তর করা হবে।নিহত সেরাজুল ইসলামের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।এর আগে গত ২৪ ডিসেম্বর খানপুর সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক গরু ব্যবসায়ী নিহত হন। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম গতকাল জানিয়েছেন, নিহত ওই ব্যক্তির নাম তাজিরুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারী গ্রামে। পর দিন নোম্যান্স ল্যান্ড থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনন্তপুর সীমান্তের কাঁটাতার পার হওয়ার সময় বিএসএফ গুলি করে ফেলানি (১৫) নামের এক কিশোরীকে হত্যা করে। হত্যার পর কয়েক ঘণ্টা লাশটি কাঁটাতারে ঝুলে ছিল। প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার লাশটি বিএসএস বিডিআরের কাছে হস্তান্তর করে। বিএসএফের এ হত্যাকাণ্ডের ঘটনায় ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় প্রতিবাদের ঝড় ওঠে।