বিএসএফের গুলিতে নিহত ২
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে গত মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।নিহত বাংলাদেশিরা হলেন বেনাপোলের বারোপোতা গ্রামের চান্দ আলীর ছেলে হাবিবুর রহমান (২৫) ও বসতপুর কলোনিপাড়ার সবেদ আলীর ছেলে ফারুক হোসেন (২৬)।এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ২৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পরে গতকাল বেলা দুইটার দিকে পুটখালী সীমান্তে বিএসএফ ও বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশিদের হামলার পরিপ্রেক্ষিতে গুলি চালানো হয়েছে।কিন্তু এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বাংলাদেশি কয়েকজন ব্যবসায়ী ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে রাত ১০টার দিকে বিএসএফের জওয়ানেরা ১০টি গরু আটক করে। এ সময় ব্যবসায়ীরা গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের জওয়ানেরা বাংলাদেশিদের ওপর গুলি চালায়। তাতে গুলিবিদ্ধ হন হাবিবুর ও ফারুক। পরে সহযোগীরা তাঁদের উদ্ধার করে বাংলাদেশে আনার পথে দুজনেরই মৃত্যু হয়।ঘটনার সত্যতা স্বীকার করে ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তায়েফুল হক জানান, পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশিরা বিএসএফের ওপর হামলা করেছিলেন। তাই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে।