বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ শনিবার মোখছেদুল (২২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। মোখছেদুল ফুলবাড়ী ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। তিনি ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস গ্রামের আবুল হোসেনের ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গঙ্গারহাট ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রফিকুল আলম প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোররাত তিনটার দিকে ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাটের বিদ্যাবাগিস সীমান্তের কাছে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৯-এর পাশ দিয়ে গরু পাচারের কাজে সহযোগিতা করছিলেন মোখছেদুল। এ সময় ভারতের কুরশারহাট ক্যাম্পের টহলরত বিএসএফ জওয়ানরা তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এতে ডান ঊরুতে গুলিবিদ্ধ হয়ে মোখছেদুল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল ও পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোখছেদুল অচেতন থাকলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ জানান, কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ সাড়া দেয়নি। এখন ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদ জানানোর প্রস্তুতি চলছে।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মোখছেদুলের লাশ তাঁর বাড়িতে পাঠানো হবে।