বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সাতক্ষীরার কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা এলাকার কাছে আজ সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম আলতাফ হোসেন (২২)। বাড়ি জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে।বিজিবি ও সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ৮-১০ জন বাংলাদেশি গরু ব্যবসায়ীর দল সীমান্ত পার হয়ে ভারতে যান। আজ ভোরে গরু নিয়ে ফেরার সময় কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা এলাকার বিপরীত দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার তারালি এলাকায় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলতাফ হোসেন ঘটনাস্থলে নিহত হন। এ সময় বিএসএফের সদস্যরা মহিদ হোসেন (৩০) নামের একজন গরু ব্যবসায়ীকে আটক করে ভারতের হাকিমপুর ক্যাম্পে নিয়ে যান। নিহত আলতাফের গ্রামের বাসিন্দা মহিদ।ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ক্যাম্পের অধিনায়ক লে কর্নেল আবু বাসির প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় সীমান্তের ভেতরের দিকে এক-দেড় কিলোমিটার দূরে। ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা-বৈঠকের জন্য বিএসএফের হাকিমপুর ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে।