বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লাল্টু মণ্ডল (২৮) নামের একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত চারটার দিকে মহেশপুরের জলুলী সীমান্তে এ ঘটনা ঘটে। লাল্টু মণ্ডল মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।লেবুতলা গ্রামের আবু জাফর প্রথম আলো ডটকমকে বলেন, লাল্টু মণ্ডল গরু ব্যবসায়ী। লাল্টুসহ কয়েকজন গত শনিবার ভারতের ব্যবসায়ীদের মাধ্যমে গরু কিনতে দেশটির সীমান্ত এলাকায় গিয়েছিলেন। গরু না পেয়ে আজ ভোররাতে তাঁরা বাংলাদেশে ফিরছিলেন। এ সময় সীমান্তের জলুলী এলাকায় বিএসএফ গুলি চালায়। এতে লাল্টু ও জাহিদ হোসেন আহত হন। এলাকার লোকজন গুলির শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সকালে লাল্টুর মৃত্যু হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, লাল্টু মণ্ডল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। জাহিদ এখনো চিকিত্সাধীন। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যাদবপুর কোম্পানি কমান্ডার জয়নাল আবেদীন বলেন, বিএসএফের গুলিতে একজন মারা গেছেন বলে তাঁরা শুনেছেন। তবে লাশ দেখেননি। আহত ব্যক্তির ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই