বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চর মাঝাড়দিয়াড় সীমান্তে গতকাল রোববার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সুজন একজন গরু ব্যবসায়ী ছিলেন। তাঁর বাবার নাম শুকুর আলী। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে ভারতীয় কয়েকজন ব্যবসায়ীর চর মাঝাড়দিয়াড় সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে সুজনের কাছে গরু হস্তান্তর করার কথা ছিল। এ জন্য তিনি সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনুষ্ঠানিকভাবে আমাদের জানালে ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হবে।’