বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা সীমান্তে গতকাল শুক্রবার দিবাগত রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুল খালেক (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। খালেকের বাড়ি বালিয়াডাঙ্গীর রত্নাই মারাধার গ্রামে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গতকাল রাত একটার দিকে বালিয়াডাঙ্গীর মন্ডুমালা সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকায় বিএসএফের সোনামতি ক্যাম্পের সদস্যরা কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় আবদুল খালেক পাঁজরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় তাত্ক্ষণিক প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে বিজিবি।