বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের জলপাইতলী সীমান্তের কাছে ভারতীয় অংশে আজ শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম দেলোয়ার হোসেন (২৮)। তিনি দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের মনিপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।দিনাজপুর বিজিবি ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান জানান, বাংলাদেশি জলাপাইতলী সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে ৮০০ গজ ভেতরে দেলোয়ারের লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে গরু নিয়ে বাংলাদেশে আসার পথে সীমান্তের ৩০৪ নম্বর মেইন পিলারের অধীনে সাত নম্বর সাব-পিলারের কাছে দেলোয়ারকে গুলি করে বিএসএফ। দেলোয়ারের লাশ ফেরত চেয়ে ভারতের ১২০ বিএসএফের বাসন্তীপুর ক্যাম্পের কাছে চিঠি পাঠানো হয়েছে।