বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে আনোয়ারুল ইসলাম (৩৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেপুলবাড়িয়া গ্রামে। আজ শনিবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। আনোয়ারুলের সঙ্গী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, পেপুলবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে গরু ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম ভারতের গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরু কিনে বাংলাদেশে বিক্রি করতেন। গতকাল শুক্রবার রাতে ভারতের ব্যবসায়ীদের কাছ থেকে গরু কিনে আনোয়ার ও তাঁর সঙ্গীরা যাদবপুর সীমান্তের কানাইপুর এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। ভোররাত চারটার দিকে ভারতের জিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আনোয়ারুল ঘটনাস্থলে মারা যান। পরে অন্যরা তাঁর লাশ নিয়ে ফিরে আসে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিজিবির যাদবপুর কোম্পানি ক্যাম্পের কর্মকর্তা শের আলী প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।