বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা সীমান্তে আজ শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয় সে পরিচয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিশ্চিত করতে পারেনি।শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দীনের দাবি, নিহত বাংলাদেশির নাম ফারুক হোসেন (২৫)। তিনি উপজেলার চৌকা গ্রামের জসিম উদ্দীনের ছেলে। ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মনাকষা ইউপির চেয়ারম্যান কামাল উদ্দীন প্রথম আলো অনলাইনকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে পারচৌকা সীমান্তের ৭৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার-সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন ফারুক। এ সময় বিএসএফের সবদেলপুর ক্যাম্পের জওয়ানরা তাঁকে লক্ষ্য গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। তাঁর লাশ সীমান্তের ভারতীয় অংশে পড়ে ছিল বলে জানা গেছে।এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, পারচৌকা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে একজন মারা গেছেন বলে তিনি তথ্য পেয়েছেন। কিন্তু ওই ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় সে ব্যাপারে তাঁরা নিশ্চিত হতে পারেননি।