বিএসএফের গুলিতে শিশুসহ দুই বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক শিশুসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন গৃহবধূসহ দুজন। গরুকে ঘাস খাওয়ানোর জন্য ভুলে সীমান্তের নো-ম্যান্স-ল্যান্ডে ঢুকে পড়লে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন রত্নাই বারসা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে পারুল বেগম (১০) ও শরিফউদ্দিনের ছেলে মজিবর রহমান (২০)। আহত হয়েছেন একই গ্রামের নজির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২০) ও দবিরুর ইসলামের স্ত্রী খালেদা খাতুন (২৫)। গুরুতর অবস্থায় তাঁদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিডিআর ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রত্নাই বারসা গ্রামের কয়েকজন কৃষক স্ত্রী, ছেলে-মেয়েসহ গরু-ছাগল নিয়ে সীমান্তে নদীর পাড়ে ঘাস কাটতে ও খাওয়াতে যান। গরু-ছাগল নিয়ে তাঁরা রত্নাই সীমান্তের ৩৮১/২ এফ পিলারের কাছে নো-ম্যান্স-ল্যান্ডে চলে যান। এ সময় ভারতের নাটুয়াটুলি ক্যাম্পের বিএসএফের সদস্যরা হঠাৎ তাঁদের লক্ষ্য করে প্রকাশ্যে বেপরোয়া গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন চারজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মজিবরের। বিএসএফ তারকাঁটা পার হয়ে তাঁর লাশ ভারতে নিয়ে যায়।গ্রামবাসী গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে মারা যায় শিশু পারুল। শারীরিক অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধ অন্য দুজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রত্নাই বিডিআরের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মুয়াজ্জেম হোসেন জানান, ঘটনার সঙ্গে সঙ্গে বিএসএফের হত্যাকাণ্ডের লিখিত প্রতিবাদ জানানো হয়েছে।বিডিআর ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল আলম প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। রাত হওয়ায় তারা নিহত মজিবরের লাশ ফেরত দেয়নি। কাল (আজ শনিবার) লাশ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।’