সিলেটের জৈন্তাপুর সীমান্তে গতকাল রোববার এক হোটেল ব্যবস্থাপকসহ তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতর্কিত গুলিবর্ষণে তাঁরা জখম হন। এ ঘটনার পর সীমান্তের বিভিন্ন এলাকায় বিডিআর-বিএসএফ সতর্ক অবস্থান নিয়েছে। উভয় পক্ষের মধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে গুলিবিনিময় হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।এর আগে ওই এলাকায় ৬ ফেব্রুয়ারি বিডিআরের একজন সদস্যকে ধরে নিয়ে প্রায় ১০ ঘণ্টা পর ফেরত দিয়েছিল বিএসএফ। এ ঘটনার পর থেকেই সীমান্তের ছয়টি গ্রামে আতঙ্ক বিরাজ করছিল।বিডিআর সূত্র জানায়, ২১ রাইফেল ব্যাটালিয়নের অধীন সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তারপুর সীমান্তের কাছে বাংলাদেশ অংশে গতকাল সকাল ১০টায় ভারতীয় খাসিয়া সমপ্রদায়ের একদল জেলে মাছ ধরতে আসেন। বিডিআর তাঁদের বাধা দিয়ে ফিরিয়ে দিলে বিএসএফ অতর্কিত গুলি করে। এতে হাওরের পার্শ্ববর্তী শ্রীপুর পাথরকোয়ারি এলাকায় কর্মরত একজন নারীসহ দুজন শ্রমিক গুলিবিদ্ধ হন। তাঁরা হচ্ছেন জৈন্তাপুর উপজেলার আসামপাড়ার বাসিন্দা ট্রাকচালক আবদুর রহমান (৩০) ও গুচ্ছগ্রামের পাথরশ্রমিক আম্বিয়া বেগম (৫০)। বিকেলের দিকে আরেক দফা গুলিবর্ষণে বিদ্ধ হন শ্রীপুরের পার্শ্ববর্তী আলুবাগান এলাকার জৈন্তা হিল রিসোর্ট সেন্টারের ব্যবস্থাপক রাশেদ মিয়া। আহত ব্যক্তিদের প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দিয়ে বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন এলাকাবাসী জানান, তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার পর বিডিআর এর প্রতিবাদ জানাতে ফাঁকা গুলি ছোড়ে। বিএসএফও পাল্টা গুলি চালায়। এভাবে চলতে থাকে কয়েক ঘণ্টা।২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল আলম জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে।জৈন্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ডিবি হাওর ও কেন্দি হাওর সীমান্তবর্তী হওয়ায় মাছ ধরা নিয়ে উভয় দেশের নাগরিকদের মধ্যে শুষ্ক মৌসুমে প্রতিযোগিতা শুরু হয়। এই হাওরের সীমানা নির্ধারণ করা হলে এ ধরনের জটিলতা আর হবে না বলে তিনি জানান।সকাল থেকে বিকেল পর্যন্ত গুলিবিনিময় হওয়ায় সীমান্তের ঘিলাতইল, আমস্বপ্নপুর, কাঁঠালবাড়ী, শ্রীপুর, নলজুরি, আসামপাড়া এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এদের অনেকেই বসতবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।