বিএসএফের ছোড়া পাথরে আরেক বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া পাথরে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি উপজেলার উফারমারা গ্রামে। বাবার নাম বাহারউদ্দিন।এর আগে গত ৩০ জুন ওই সীমান্তে একইভাবে পাথর ছুড়ে বিএসএফ বাংলাদেশি যুবক মিজানুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর বর্ণনা অনুযায়ী, নিহত রফিকুলসহ ১০-১২ জন গতকাল ভোরে উপজেলার ষোলঘড়িয়া বামনদল সীমান্তের ৮৩৬/৭-এর সাব-পিলারের কাছে ভারতের ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে যান। গরু নিয়ে তাঁরা সাঁতরে সানিয়ারজান নদী পার হচ্ছিলেন। এ সময় নদীর ভারতীয় অংশের সেতু থেকে বিএসএফের ১০৪ ব্যাটালিয়নের বিএস বাড়ি ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর ছোড়েন। এতে ঘটনাস্থলে রফিকুল মারা যান। রফিকুলের সঙ্গী বাংলাদেশিরা যে যাঁর মতো করে পালিয়ে গেছেন বলে জানা যায়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। গতকাল সকালে সানিয়ারজান নদীতে রফিকুলের লাশ ভেসে উঠলে এলাকাবাসী বুড়িমারী বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবির সদস্যরা লাশ উদ্ধার করে পাটগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) এসআই লেবু মিয়া গতকাল বিকেলে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য রফিকুলের লাশ জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে।নিহতের স্ত্রীর মিলি বেগম কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘দুটি বাচ্চা নিয়ে এখন আমি অসহায়। আমার তো আর কিছুই থাকল না।’বিএসএফের ছোড়া পাথরে রফিকুলের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন গতকাল সকালে বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র পাঠিয়ে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে।৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল বাছেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, বিএসএফের বিএস বাড়ি ক্যাম্পের কমান্ডার এস কে শর্মার উপস্থিতিতে দুপুর সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠক হয়। বৈঠকে রফিকুলকে হত্যার কথা অস্বীকার করে বিএসএফ।