যশোরের বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের একজন পদস্থ কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেন। এদিকে বিএসএফের অভিযুক্ত তিন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবি ২৩ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বিএসএফের দক্ষিণবঙ্গের আইজি এস এইচ সন্তোষ মেহরা গতকাল শুক্রবার বিজিবির যশোর অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রবিউল ইবনে কামরুলকে টেলিফোন করেন। এ সময় তিনি বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন। কমান্ডার রবিউল ইবনে কামরুল প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএসএফের কর্মকর্তা মেহরা।এদিকে বিজিবির সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিএসএফের অভিযুক্ত তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএসএফের সদর দপ্তরের পক্ষ থেকে বিজিবিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিএসএফের সদর দপ্তর বিষয়টি গুরুত্ব দিয়ে উচ্চপর্যায়ের তদন্ত আদালত গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিএসএফের অভিযুক্ত তিনজন সদস্যকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে বিএসএফের সদর দপ্তরের পক্ষ থেকে বিজিবির সদর দপ্তরকে অবহিত করা হয়েছে।বেনাপোলের পুটখালী সীমান্তে গরু আনতে গিয়ে গত মঙ্গলবার রাতে বাংলাদেশি দুই নাগরিক বিএসএফের গুলিতে নিহত হন। তাঁরা হলেন বেনাপোলের বারোপোতা গ্রামের হাবিবুর রহমান (২৫) ও বসতপুর কলোনিপাড়ার ফারুক হোসেন (২৬)। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়। পরে ওই দিন দুপুরে পুটখালী সীমান্তে বিএসএফ-বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।