বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনের শিকার শাহজাহান আলী (৩২) নামের একজন মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।শাহজাহান আলী শিবগঞ্জ উপজেলার সিংনগর হঠাত্পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শাহজাহানসহ সাত-আটজন বাংলাদেশি গত শুক্রবার ভোর পাঁচটার দিকে গরু আনার জন্য সিংনগর সীমান্তের কাছ দিয়ে ভারতে ঢুকে পড়ে। নোম্যান্সল্যান্ড থেকে দেড়র শ গজ ভেতরে ভারতের ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের শোভাপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশে পালিয়ে এলেও শাহজাহান তাঁদের হাতে ধরা পড়েন। পরে বিএসএফের সদস্যরা শাহজাহানকে ব্যাপক মারধর করেন এবং ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে গতকাল শনিবার সকাল সাতটার দিকে আহত শাহজাহানকে সিংনগর সীমান্তের নোম্যান্সল্যান্ডে ফেলে যায় বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাঁকে উদ্ধার করে আত্মীয়-স্বজনের হাতে হস্তান্তর করে। গুরুতর আহত শাহজাহানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।