বিএসএফের নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিন্দা
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে এক বাংলাদেশি নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে ব্যাপারেও দাবি জানান তিনি। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে ক্রসফায়ারের ঘটনা কমলেও গুম বেড়েছে। আর এ জন্য সংগঠনটি পুলিশকে দায়ী করে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (হিউম্যান রাইটস ওয়াচ) যদি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করে থাকে, তাহলে তা সঠিক না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা, গুম বা খুন করা না। গুমের ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে।’ আজকের সভায় চোরাচালান প্রতিরোধে কেন্দ্রীয় তদারক সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, ‘সীমান্তে শান্তি রক্ষায় বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিজিবির ডিজিকে বলেছি, যেকোনো মূল্যে সীমান্তে শান্তি বজায় রাখতে হবে।’ সভায় বিজিবি, পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।