সীমান্তে বাংলাদেশি যুবককে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিচার করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিউইয়র্ক-ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। আজ মঙ্গলবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। খবর ইউএনবির।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তরক্ষীদের আইনের আওতায় আনা উচিত। যাতে তারা এই বার্তা পায় যে এ ধরনের ঘটনা ভবিষ্যতে কোনোভাবেই বরদাশত করা হবে না। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বিএসএফের সদস্যরা দীর্ঘদিন থেকেই সীমান্তে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে নির্মমভাবে বিএসএফের নির্যাতনের ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়। ১৮ জানুয়ারি ভারতের এনডিটিভিসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন পোশাকধারী বিএসএফ সদস্য এক বাংলাদেশিকে নির্মমভাবে নির্যাতন করছে। এটি প্রচারিত হওয়ার পর বাংলাদেশ-ভারতের রাজনৈতিক ও সুশীল সমাজের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।এর আগে ২৪ জানুয়ারি ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য হিন্দু এক সম্পাদকীয়তে ওই ঘটনায় জন্য নয়াদিল্লিকে ঢাকার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলেন।