বিএসএফের মতো নির্যাতন করছে এ দেশের পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সরকারের বোধোদয় না হলে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। সেই অবস্থানে তিনি থাকবেন এবং দলীয় নেতা-কর্মীদের এতে থাকার আহ্বান জানান।আজ সোমবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। গত ২৯ জানুয়ারি বিএনপির সারা দেশব্যাপী গণমিছিল চলাকালে পুলিশের গুলিতে চাঁদপুরে দুজনের নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না, মেশিনেও ভোট নেওয়া যাবে না। সরকারের যদি বোধোদয় না হয়, ১২ মার্চের মহাসমাবেশ থেকে যে ঘোষণা দেওয়ার তা তো আপনারা শুনতে পাবেন। না হলে আওয়ামী লীগের মতো লগি, বৈঠা নয়, শান্তিপূর্ণ জনভিত্তিক কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।খালেদা জিয়া এ সময় জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের অবস্থান নিতে হবে। আমিও থাকব আপনাদের সঙ্গে। আপনারা থাকবেন তো?’ তিনি সরকারকে বলেন, ‘১২ মার্চে কোনো কর্মসূচি দেবেন না’। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কর্মসূচিতে বাধা দিলে প্রতিবাদ করতে হবে। প্রতিনিয়ত না মেনে একবার জেগে উঠে প্রতিবাদ করতে হবে। সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘ঢাকা চলো কর্মসূচিতে বাধা দেবেন না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে এর দায় সরকারকেই নিতে হবে।’খালেদা জিয়া বলেন, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। তারা পদ্মা সেতুও বানাতে পারেনি। এই সরকার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তিনি বলেন, ‘আমরা এই সরকারকে লুলা, ল্যাংড়া করে ছেড়ে দিতে চাই।’ তিনি বলেন, তিন বছরে সরকার জনগণকে কিছু দিতে পারেনি। কেবল লাশ উপহার দিয়েছে।খালেদা জিয়া বলেন, সম্প্রতি দুজন সাংবাদিক নিজ বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন। ঘরেও এখন আর মানুষ নিরাপদ নয়। অথচ এখনো পুলিশ কোনো কুল-কিনারা করতে পারেনি। হয়তো তারা কোনো নিরীহ ব্যক্তিকে ধরবে খুনি হিসেবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এ জন্য তার পদত্যাগ করা উচিত ছিল।বিরোধীদলীয় নেতা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলছে, তারা সীমান্তে হত্যা বন্ধ করবে না। সরকারও এর বিরুদ্ধে প্রতিবাদ বা ব্যবস্থা নিতে পারছে না। বিএসএফ হত্যা বন্ধ না করলে তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএসএফ যেভাবে কাপড় খুলে নির্যাতন করছে, এ দেশের পুলিশও সেভাবে নির্যাতন করছে। এরা কি বাংলাদেশের পুলিশ। আগে তো এরা এটা করেনি।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, আবদুল মইন খান প্রমুখ সেখানে বক্তব্য দেন।এর আগে বেলা সোয়া ১১টার দিকে খালেদা জিয়া রাজধানীর গুলশান থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। বিকেল পৌনে চারটার দিকে তিনি চাঁদপুরে পৌঁছেন। বিকেল চারটা ৫০ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। শেষ করেন পাঁচটা ২৫ মিনিটে।ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার পথে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। এ সময় তাঁরা স্লোগান দেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। এ ছাড়া পথজুড়ে তোরণ নির্মাণ করেন নেতারা।