বিএসএফের মারধরে আহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মারধরে আহত হয়েছেন দুই বাংলাদেশি যুবক। এদিকে শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। গত রোববার রাতে এসব ঘটনা ঘটে।আহত দুই বাংলাদেশি হচ্ছেন: শিবগঞ্জ উপজেলা ঠুঁটাপাড়া গ্রামের কসিমুদ্দিন (১৯) ও রফিক (২৪)। এঁদের মধ্যে রফিক রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি রয়েছেন। কসিমুদ্দিন প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর শেখ মিজানুর রহমানের ভাষ্য, গতকাল রোববার রাতে কসিমুদ্দিন ও রফিক ফেনসিডিল আনতে মাসুদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাচ্ছিলেন। এ সময় ভারতের মালদহ জেলার শুভপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাঁদের ধরে ফেলে এবং মারধর করে ছেড়ে দেয়। এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তাঁর নাম মিজানুর রহমান। তিনি গরু আনতে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছে বিজিবি।