বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেদনা ও ডাবরী সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে গতকাল রোববার রাতে আবু তালেব (২৮) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তালেব হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের দিফালু মোহাম্মদের ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তের ভেতরে কাদেরগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তালেবকে আটক করেন। বাংলাদেশি আটকের কথা শুনে বিজিবি পতাকা বৈঠকে বসার অনুরোধ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুর পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে ঠাকুরগাঁও মোলানী সীমান্ত ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হক এবং বিএসএফের পক্ষে কাদেরগঞ্জ ক্যাম্পের পরিদর্শক বিনদে চাল প্রসাদ নেতৃত্ব দেন।বিজিবি কমান্ডার মোজাম্মেল হক জানান, বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তালেব ভারতের একটি ইটভাটা থেকে কাজ শেষে কাদেরগঞ্জ সীমান্ত দিয়ে আরও কয়েকজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। অন্যরা পালিয়ে গেলেও তালেব বিএসএফের কাছে ধরা পড়েন। আটকের পর তালেবকে ভারতের উত্তর দিনাজপুরের করমদিঘি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।